পর্যাপ্ত ঘুমের পরও সকালে ক্লান্ত লাগে কেন? শরীর দিচ্ছে কি কোনো সংকেত?

রাতভর ঘুমানোর পর সকালে ঘুম ভাঙল। অথচ শরীর যেন বিশ্রামই পায়নি! চোখে ঘুম, মাথা ভার, শরীরে অবসাদ—কাজ শুরু করার আগেই মনে হচ্ছে আরও কয়েক ঘণ্টা ঘুমানো দরকার। এমন অভিজ্ঞতা মাঝেমধ্যে হলে খুব একটা চিন্তার কারণ নেই। কিন্তু প্রতিদিন পর্যাপ্ত সময় ঘুমানোর পরও যদি একইভাবে ক্লান্ত লাগে, তাহলে বিষয়টি এড়িয়ে যাওয়া ঠিক নয়।
কারণ শুধু কম ঘুম নয়, ঘুমের মান, জীবনযাপনের অভ্যাস, শারীরিক সমস্যা কিংবা মানসিক চাপ—বিভিন্ন কারণেই সকালে ঘুমঘুম ভাব ও অবসাদ থেকে যেতে পারে।
ঘুম ভাঙার পরও শরীর ‘জাগতে’ সময় নেয়
গভীর ঘুম থেকে হঠাৎ জেগে উঠলে শরীর ও মস্তিষ্ক পুরোপুরি সক্রিয় হতে কিছুটা সময় নেয়। এই অবস্থাকে বলা হয় ‘স্লিপ ইনার্শিয়া’। তখন চোখে ঘুম লেগে থাকা, মাথা ভার লাগা, মনোযোগ কমে যাওয়া কিংবা সিদ্ধান্ত নিতে কিছুটা অসুবিধা হতে পারে। সাধারণত কিছুক্ষণ পর এই জড়তা কেটে যায়। তবে প্রতিদিন দীর্ঘ সময় ধরে এমন অনুভূতি থাকলে শুধু এটিকে স্বাভাবিক ঘুমঘুম ভাব বলে ধরে নেওয়া ঠিক নয়।
ঘুমের সময় ঠিক আছে, কিন্তু ঘুমের মান?
অনেকে মনে করেন, বিছানায় সাত-আট ঘণ্টা থাকলেই পর্যাপ্ত ঘুম হয়ে যায়। বাস্তবে ঘুমের সময়ের পাশাপাশি ঘুম কতটা গভীর ও নিরবচ্ছিন্ন হচ্ছে, সেটিও গুরুত্বপূর্ণ।
প্রতিদিন ভিন্ন সময়ে ঘুমানো ও জাগা, দিনের বেলা দীর্ঘক্ষণ ঘুমানো কিংবা রাতে ঘুমানোর আগে দীর্ঘ সময় মোবাইল বা কম্পিউটার ব্যবহার ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। ফলে বিছানায় অনেকক্ষণ থাকার পরও শরীর প্রয়োজনীয় বিশ্রাম নাও পেতে পারে। ঘুমের পরিবেশও এখানে গুরুত্বপূর্ণ। অতিরিক্ত আলো, শব্দ, গরম পরিবেশ কিংবা অস্বস্তিকর বিছানা-বালিশ রাতে বারবার ঘুম ভাঙিয়ে দিতে পারে। আর এর প্রভাব পড়ে পরদিন সকালের শরীর-মনেও।
রাতের খাবারেও থাকতে পারে ক্লান্তির সূত্র
ঘুমের আগে কী খাচ্ছেন, সেটিও অনেক সময় সকালের অনুভূতিকে প্রভাবিত করে। শোয়ার ঠিক আগে অতিরিক্ত ঝাল, তেল-চর্বিযুক্ত বা ভারী খাবার খেলে হজমে অস্বস্তি হতে পারে। অন্যদিকে সন্ধ্যার পর অতিরিক্ত চা, কফি, চকলেটসহ ক্যাফেইনযুক্ত খাবার ও পানীয় ঘুম আসতে দেরি করাতে পারে। আবার ঘুমানোর আগে বেশি পানি পান করলে রাতে বারবার প্রস্রাবের জন্য ঘুম ভেঙে যেতে পারে। এতে ঘুমের ধারাবাহিকতা নষ্ট হয়ে সকালে শরীর অবসন্ন লাগতে পারে।
জোরে নাক ডাকছেন? বিষয়টি অবহেলা করবেন না
সকালের অতিরিক্ত ক্লান্তির অন্যতম কারণ হতে পারে স্লিপ অ্যাপনিয়া। এ সমস্যায় ঘুমের মধ্যে সাময়িকভাবে শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে যেতে পারে, ফলে ঘুম বারবার ব্যাহত হয়।
জোরে নাক ডাকা, ঘুমের মধ্যে হাঁসফাঁস করা বা বাতাসের জন্য জেগে ওঠা, সকালে মুখ শুকিয়ে থাকা, মাথাব্যথা এবং পর্যাপ্ত ঘুমের পরও সারাদিন ক্লান্ত লাগা—এসব স্লিপ অ্যাপনিয়ার সম্ভাব্য লক্ষণ। তাই নিয়মিত এমন উপসর্গ থাকলে বিষয়টিকে শুধু ‘ভালো ঘুম হয়নি’ বলে এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
শরীরচর্চা কমলেও ঘুমে প্রভাব পড়তে পারে
শরীর ও ঘুম—দুটোর সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। দীর্ঘদিন শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকলে ঘুমের মান খারাপ হতে পারে। তাই দিনের মধ্যে হাঁটা, হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়াম কিংবা নিয়মিত শারীরিক পরিশ্রমের অভ্যাস ঘুমের জন্য উপকারী হতে পারে। তবে ঘুমানোর ঠিক আগে খুব ভারী ব্যায়াম না করাই ভালো।
দুর্বলতার পেছনে থাকতে পারে রক্তস্বল্পতা
পর্যাপ্ত ঘুমের পরও যদি দীর্ঘদিন ধরে দুর্বলতা ও অবসাদ থাকে, তাহলে শারীরিক কোনো কারণও খুঁজে দেখা দরকার। আয়রনের ঘাটতিজনিত রক্তস্বল্পতা দীর্ঘস্থায়ী ক্লান্তির কারণ হতে পারে। এর সঙ্গে মাথা ঘোরা, অতিরিক্ত দুর্বলতা, শ্বাসকষ্ট, বুকব্যথা কিংবা হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার মতো উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
মনও ক্লান্ত হলে ঘুমিয়েও সতেজ হওয়া যায় না
শুধু শরীর নয়, মানসিক চাপও ঘুমের ওপর বড় প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগের কারণে ঘুম আসতে দেরি হতে পারে, আবার রাতে বারবার ঘুমও ভেঙে যেতে পারে। ফলে সকালে ঘুম থেকে উঠেও মনে হতে পারে, শরীর যেন বিশ্রামই পায়নি। অতিরিক্ত চিন্তা, অস্থিরতা, মনোযোগে সমস্যা, হৃৎস্পন্দন বেড়ে যাওয়া বা ঘাম হওয়ার মতো উপসর্গও উদ্বেগের সঙ্গে দেখা দিতে পারে।
সকালে সতেজ থাকতে কী করবেন?
প্রতিদিন যতটা সম্ভব একই সময়ে ঘুমাতে যাওয়া ও ঘুম থেকে ওঠার অভ্যাস করা ভালো। দিনের বেলা ঘুমানোর প্রয়োজন হলে তা অল্প সময়ের মধ্যে রাখা যেতে পারে এবং বিকেল বা সন্ধ্যার পর দীর্ঘ সময় ঘুমানো এড়িয়ে চলা উচিত।
ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে মোবাইল, কম্পিউটার ও টেলিভিশনের ব্যবহার কমিয়ে আনুন। শোয়ার ঘর রাখুন অন্ধকার, শান্ত ও আরামদায়ক। রাতে অতিরিক্ত ক্যাফেইন ও ভারী খাবার এড়িয়ে চলুন এবং শোয়ার আগে অতিরিক্ত পানি পান না করাই ভালো।
দিনের বেশির ভাগ সময় সক্রিয় থাকা এবং নিয়মিত হালকা থেকে মাঝারি মাত্রার ব্যায়ামও ঘুমের মান ভালো রাখতে সাহায্য করতে পারে। তবে এসব অভ্যাস মেনে চলার পরও যদি দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ঘুমের পর সকালে অতিরিক্ত ক্লান্তি থাকে, বিশেষ করে নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে আসা, সকালে মাথাব্যথা বা অস্বাভাবিক দুর্বলতার মতো উপসর্গ দেখা দেয়, তাহলে কারণ খুঁজে বের করতে চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।



