১৩ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩
বিবিধ

‘অশ্লীলতা হবে না’ শর্তে কনসার্টে সম্মতি, সমঝোতায় ব্রাহ্মণবাড়িয়া কলেজের বিরোধ

e285791f501386c9c60ff81d1c148307-6aa64fa6f074b

নবীনবরণ ঘিরে কনসার্ট আয়োজন নিয়ে কয়েক দিন ধরে চলা উত্তেজনার অবসান হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে। আলোচনার মাধ্যমে আপাতত সমঝোতার পথেই হাঁটছে কলেজ কর্তৃপক্ষ ও কওমি ছাত্র ঐক্য পরিষদ। তবে কনসার্ট আয়োজনের ক্ষেত্রে রাখা হয়েছে একটি স্পষ্ট শর্ত—অনুষ্ঠানে কোনো ধরনের ‘অশ্লীলতা’ করা যাবে না।

সমঝোতা অনুযায়ী, কলেজের মূল ক্যাম্পাসে এবার কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না। সেখানে অনুষ্ঠিত হবে নবীনবরণ ও আলোচনা সভা। আর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে কলেজের দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠকে এ সমঝোতা হয়। বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেকের নেতৃত্বে ৭ থেকে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল এবং কলেজ কর্তৃপক্ষ অংশ নেয়।

বৈঠক শেষে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক বলেন, দক্ষিণ ক্যাম্পাসের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তারা সম্মত হয়েছেন। তবে অনুষ্ঠানে ‘অশ্লীলতা হবে না’—এ শর্ত মানতে হবে। একই সঙ্গে সরকারি কলেজের মূল মাঠে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান না করার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেনও বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান হয়েছে বলে জানান। তার ভাষ্য, মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, কলেজের সংশ্লিষ্ট ব্যক্তি ও মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেই বিষয়টির সমাধান করা হয়েছে।

এর আগে নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনের উদ্যোগের বিরোধিতা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দিয়েছিল কওমি ছাত্র ঐক্য পরিষদ। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে আলোচনার সূত্রপাত হয়।

বৈঠকের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক পেজে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মূল মাঠে কোনো ধরনের কনসার্ট হবে না। সেখানে শুধু নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। পাশাপাশি নবীনবরণ, বৃক্ষরোপণসহ সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রম চালু রাখার পক্ষে মত দেওয়া হয়। তবে দক্ষিণ ক্যাম্পাসে শর্তসাপেক্ষে কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ সমঝোতাকে স্বাগত জানালেও, কেউ প্রশ্ন তুলেছেন শর্ত বাস্তবায়ন ও অনুষ্ঠানটির পরিবেশ নিয়ে।

এদিকে কনসার্টে কারা গান পরিবেশন করবেন, কিংবা অনুষ্ঠানের বিস্তারিত আয়োজন কেমন হবে—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

Advertisements