সবসময় ‘ভালো’ মেয়ে হওয়ার চাপ: নারীর শরীর ও মনের অদৃশ্য যুদ্ধ

অনেক নারী ছোটবেলা থেকেই শিখে বেড়ে ওঠে ‘ভালো মেয়ের’ মতো আচরণ করতে — সবসময় ভদ্র, শান্ত, এবং অন্যদের খুশি করার চেষ্টা করা। অর্থাৎ নারীকে সবসময় অন্যকে খুশি রাখতে হবে, সকলের কথা মেনে চলতে হবে। সময়ের সাথে সাথে এটি নারীর মধ্যে একটা আলাদা আচরণের ছক তৈরি করে। একে বলে ‘Good Girl Syndrome’।
প্রথমে মনে হয় এটি শুধু একটি ভালো গুণ কিন্তু দীর্ঘমেয়াদে এটি মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর চাপ তৈরি করে। নিজের অনুভূতি চাপা দিয়ে রাখা, ‘না’ বলতে না পারা এবং সবসময় অন্যের প্রত্যাশা পূরণ করার চেষ্টা — এইসব আচরণ শুধু মনেই চাপ তৈরি করে না, শরীরেও তা নানা ভাবে প্রতীয়মান হয়।
মানসিক চাপ ও কর্টিসলের বৃদ্ধি
যারা সবসময় অন্যকে সন্তুষ্ট করার চেষ্টা করেন তাদের শরীর দীর্ঘমেয়াদি স্ট্রেসের মধ্য দিয়ে যায়। ‘না’ বলা বা সীমা নির্ধারণ করা শরীরের কাছে অনিরাপদ মনে হয়। ফলে কর্টিসলের মাত্রা বেড়ে যায়। দীর্ঘদিন এমন থাকলে ঘুমের সমস্যা, শক্তির ঘাটতি এবং ওজনের ভারসাম্যহীনতা দেখা দিতে পারে।
হরমোনাল ভারসাম্য ও থাইরয়েড সমস্যা
রাগ বা আত্মপ্রকাশ দমন করলে তা প্রায়ই গলার আশপাশে প্রভাব ফেলে। বিশেষজ্ঞদের মতে, নিজের কণ্ঠস্বর চেপে রাখা এবং আবেগ দমন করার অভ্যাস থাইরয়েডের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত একটি গবেষণাও আবেগ দমনের সঙ্গে হরমোনগত প্রভাবের সম্পর্ক তুলে ধরেছে।
হজম ও অন্ত্রের সমস্যা
মানসিক চাপ সরাসরি হজমের উপরও প্রভাব ফেলে। আবেগ দীর্ঘ সময় অব্যক্ত থাকলে পেটের ফাঁফাঁ ভাব, অ্যাসিডিটি এবং অন্যান্য হজমের সমস্যা দেখা দিতে পারে। হার্ভার্ডের এক গবেষণায় দেখা গেছে, চাপের সময় শরীর হজম প্রক্রিয়াকে ধীর করে দেয়, কারণ তখন শক্তি অন্যদিকে ‘বেঁচে থাকার’ মোডে নিয়োজিত থাকে।
দৈহিক ক্লান্তি ও শক্তিহ্রাস
প্রতিদিন নিজেকে সামলে রাখা এবং সবসময় সীমা অতিক্রম করে অন্যদের প্রত্যাশা পূরণের চেষ্টা শরীরকে ‘সারভাইভার মোডে’ রাখে। এটি হরমোনাল ভারসাম্যকে নষ্ট করে এবং ধীরে ধীরে দীর্ঘমেয়াদী ক্লান্তি, মাংশপেশী দুর্বলতা ও মনোযোগ হ্রাসের কারণ হয়।
উদ্বেগ ও মানসিক অবসাদ
নিজের অনুভূতি প্রকাশ না করা, সবসময় ‘ভালো’ থাকার চাপ ভেতরে মানসিক টানাপোড়েন জমায়। এর ফলে অনেক নারী উদ্বেগ, মানসিক ক্লান্তি, হতাশা ও নিজস্ব মূল্যবোধে বিভ্রান্তির সম্মুখীন হন। বাহ্যিকভাবে শান্ত থাকলেও ভিতরে মানসিক চাপ এবং আবেগগত ভাঙন তৈরি হয়।
যেভাবে মুক্তি পাওয়া যায়:
নিজের সীমা ও অনুভূতিকে স্বীকার করা।
প্রয়োজনে ‘না’ বলতে শেখা।
মানসিক চাপ হালকা করার জন্য নিয়মিত মেডিটেশন বা শারীরিক ব্যায়াম।
প্রফেশনাল থেরাপিস্ট বা কাউন্সেলরের সঙ্গে কথা বলা।
‘Good Girl Syndrome’ কোনো রোগ নয় বরং একটি আচরণগত প্যাটার্ন যা সামাজিক ও মানসিক চাপের কারণে তৈরি হয়। তবে এর নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু সচেতনতা, নিজের প্রতি সদয় মনোভাব এবং আবেগ প্রকাশের সাহস প্রয়োজন।



