ছয় মাসের গর্ভ, ওষুধ সেবনের পর মৃত সন্তান প্রসব কিশোরীর

নাটোরের লালপুরে গোপনে গর্ভধারণের পর গর্ভপাতের ওষুধ সেবন করে এক কিশোরীর মৃত সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরী একটি মৃত নবজাতকের জন্ম দেয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নবম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী প্রায় ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিল। মঙ্গলবার রাতে গর্ভপাতের ওষুধ হিসেবে পরিচিত ‘এমএম কিট’ সেবনের পর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকদের তত্ত্বাবধানে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কিশোরীকে হাসপাতালে আনার পর তার পরিচয় ও বৈবাহিক অবস্থা নিয়ে অস্পষ্টতা দেখা দেয়। সঙ্গে থাকা স্বজনেরা প্রথমে তাকে বিবাহিত বলে জানালেও পরবর্তী তথ্য নিয়ে সন্দেহ তৈরি হয়। বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ লালপুর থানাকে অবহিত করে।
পরে চিকিৎসকদের পর্যবেক্ষণে কিশোরী স্বাভাবিক প্রসবের মাধ্যমে একটি মৃত নবজাতকের জন্ম দেয়।
ঘটনাটি জানাজানি হলে স্থানীয় এলাকায় আলোচনা শুরু হয়। জানা গেছে, কিশোরীর বাড়ি উপজেলার আড়বাব ইউনিয়নে। তবে এ বিষয়ে তার মায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমের কাছে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মৃত নবজাতকের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



