১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
নারী

জাপানের কাছে হেরে জুনিয়র বিশ্বকাপের স্বপ্ন শেষ বাংলাদেশের

oil-69e1d4d331b61-22-2609080501

চীনে অনুষ্ঠিত জুনিয়র নারী এশিয়া কাপ হকিতে দুর্দান্ত শুরু করেও কোয়ার্টার ফাইনালে এসে থেমে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দলের পথচলা। শেষ আটের লড়াইয়ে শক্তিশালী জাপানের কাছে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এই পরাজয়ের ফলে আগামী বছর অনুষ্ঠিতব্য জুনিয়র বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ হয়ে গেল বাংলাদেশের। প্রথমবারের মতো বিশ্বকাপের মূল আসরে জায়গা করে নিতে হলে এই টুর্নামেন্টে অন্তত সেমিফাইনালে উঠতে হতো।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) মোকি ট্রেনিং গ্রাউন্ডে কোয়ার্টার ফাইনালের ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জাপান। তবে প্রথম কোয়ার্টারে কোনো দলই গোলের দেখা পায়নি।

দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিটে ম্যাচের প্রথম গোল আসে। হিরাই ইয়োশিনো পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে জাপানকে এগিয়ে দেন।

তৃতীয় কোয়ার্টারে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। দুটি ভালো আক্রমণ থেকে গোলের সুযোগও তৈরি হয়েছিল। কিন্তু জাপানের রক্ষণ ভেদ করে বল জালে জড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা।

শেষ কোয়ার্টারে সমতা ফেরানোর বদলে আরও একবার জাপানের আক্রমণের শিকার হয় বাংলাদেশ। ম্যাচের ৪৭তম মিনিটে ফিল্ড গোল করে জাপানের জয় নিশ্চিত করেন সুজুকি মোমোকা।

কোয়ার্টার ফাইনালের আগে গ্রুপপর্বে দারুণ পারফরম্যান্স দেখিয়েছিল বাংলাদেশ। চায়নিজ তাইপেকে ৭-০, পাকিস্তানকে ৫-১, কাজাখস্তানকে ৪-০ এবং হংকংকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপপর্বে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছিল তারা।

তবে কোয়ার্টার ফাইনালে জাপানের বিপক্ষে গোলের দেখা না পাওয়ায় শেষ পর্যন্ত টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের।

এখন পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে বাংলাদেশ। আগামী শনিবার (১২ সেপ্টেম্বর) অনুষ্ঠিতব্য ম্যাচে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার কোয়ার্টার ফাইনালের পরাজিত দল হবে বাংলাদেশের প্রতিপক্ষ।

Advertisements