২২ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৭ আশ্বিন ১৪৩৩
খাবার-দাবার

এবার জাম্বুরার খোসা দিয়ে বানিয়ে ফেলুন মোরব্বা

এবার জাম্বুরার খোসা দিয়ে বানিয়ে ফেলুন মোরব্বা

জাম্বুরার খোসা দিয়ে কখনো ডেজার্ট বা মোরব্বা তৈরি করেছেন? হয়তো ভাবছেন তাই আবার হয় নাকি! হ্যাঁ, সঠিক রেসিপি জানলে জাম্বুরার খোসা দিয়েও মোরব্বা বানানো যায়।

উপকরণ: ১টি পাকা জাম্বুরা, কয়েকটি খেজুর গাছের কাঁটা অথবা কাটা চামচ, ১ কাপ দুধ, ২ কাপ চিনি, ৩টি এলাচ, ১ টুকরো দারুচিনি, ১টি তেজপাতা ও পরিমাণমতো পানি।

প্রস্তুত প্রণালি: প্রথমে জাম্বুরা লম্বালম্বিভাবে কেটে ভেতরের কোয়াগুলো আলাদা করে নিন। এবার খোসার ওপরের সবুজ অংশটি সাবধানে ছুরি দিয়ে ছিলে ফেলে দিন। মোরব্বা তৈরির জন্য খোসার ভেতরের নরম গোলাপি অংশটুকুই ব্যবহার করুন। খোসা ভালোভাবে ধুয়ে নিন। এরপর খেজুর কাঁটা বা কাঁটাচামচ দিয়ে খোসার ওপর হালকা হাতে এপাশ-ওপাশ করে ছোট ছোট ছিদ্র করে নিন। এতে খোসার ভেতরের তেতোভাব কিছুটা কমবে এবং পরে সিরার স্বাদও ভালোভাবে ভেতরে ঢুকবে। এরপর পছন্দমতো চারকোনা বা ছোট ছোট টুকরো করে কেটে নিন।
খোসা ঠিকভাবে কেচানো হয়েছে কি না, তা বোঝার জন্য পানিতে ভিজিয়ে দেখতে পারেন। কেচানো খোসা পানিতে দিলে পানি শুষে নেবে এবং খোসার রংয়েও কিছুটা পরিবর্তন আসবে। এরপর কাটা খোসাগুলো পানিতে ভিজিয়ে চেপে চেপে ভালোভাবে ধুয়ে নিন। কয়েকবার পানি বদলে ধুয়ে নিলে তেতোভাব আরও কমবে।

এবার একটি পাত্রে ২ কাপ পানি নিন। এতে পরিমাণমতো তরল দুধ দিয়ে জাম্বুরার খোসাগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে মাঝারি আঁচে প্রায় ১০ মিনিট সিদ্ধ করে নিন। সিদ্ধ হয়ে গেলে চুলা বন্ধ করে খোসাগুলো ঠান্ডা হতে দিন। এরপর পানি থেকে তুলে হাত দিয়ে ভালোভাবে চেপে অতিরিক্ত পানি ঝরিয়ে নিন। খোসায় যেন বাড়তি পানি না থাকে, সেদিকে খেয়াল রাখুন।

এবার অন্য একটি পাত্রে ১ কাপ পানি নিয়ে তাতে চিনি, এলাচ, দারুচিনি ও তেজপাতা দিন। চুলায় বসিয়ে একবার ভালোভাবে ফুটে উঠতে দিন। সিরা ফুটে এলে সিদ্ধ করে রাখা জাম্বুরার খোসাগুলো দিয়ে দিন।

মাঝারি আঁচে খোসাগুলো নেড়ে নেড়ে সিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। ধীরে ধীরে খোসা সিরা শুষে নেবে। সিরা কমে এলে আঁচ আরও কমিয়ে দিন। এরপর স্প্যাচুলা দিয়ে আলতোভাবে চেপে চেপে নেড়ে খোসাগুলো শুকনো ও মোরব্বার মতো ঘন করে নিন। খোসাগুলো যখন সুন্দরভাবে সিরা শুষে নিয়ে মিষ্টি হয়ে আসবে, তখন চুলা বন্ধ করে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন।

Advertisements

রেসিপি: মিথিলা ফারজানা লোপা

Advertisements