তানজিন তিশার বিরুদ্ধে আরও এক মামলা, তদন্তের দায়িত্বে পিবিআই

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশাকে ঘিরে আইনি জটিলতা যেন ক্রমেই বাড়ছে। শাড়িকাণ্ডকে কেন্দ্র করে একাধিক অভিযোগ ও মামলার পর এবার তার বিরুদ্ধে নতুন করে মানহানির মামলা দায়ের করা হয়েছে। ফ্যাশন ডিজাইনার সানায়া আনাম ওয়াফিকাহ চৌধুরীর করা এ মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
রোববার (৮ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৩ নম্বর আদালতে দণ্ডবিধির ৫০০ ও ৫০১ ধারায় মামলাটি দায়ের করা হয়। সি.আর ১৩৭১ নম্বরের এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভ্র সিনহা রায়। আদালত অভিযোগটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

বাদীপক্ষের অভিযোগ, গত ২৭ অক্টোবর তানজিন তিশার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সানায়াকে নিয়ে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়। এতে তার ব্যক্তিগত মর্যাদা ও পেশাগত সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে। পাশাপাশি মেসেঞ্জারে ব্যক্তিগত ছবি প্রকাশের হুমকি এবং অনুমতি ছাড়াই ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে।
আইনজীবী শুভ্র সিনহা রায় জানান, মামলা দায়েরের আগে তার চেম্বার থেকে তানজিন তিশাকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছিল। সেখানে মানহানি, আপত্তিকর ছবি প্রকাশ ও সাইবার হয়রানির অভিযোগের বিষয়ে দুই দিনের মধ্যে জবাব দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো জবাব না পাওয়ায় আদালতের দ্বারস্থ হন বাদী।
এদিকে, গত ২৬ অক্টোবর হত্যার হুমকি দেওয়ার অভিযোগেও তানজিন তিশার বিরুদ্ধে মামলা করেন সানায়া। ওই মামলায় আদালত অভিনেত্রীকে সমন পাঠিয়ে আগামী ২৩ নভেম্বর হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের ভাষ্য অনুযায়ী, এর আগে দায়ের করা একটি মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন গ্রহণ করেন আদালত। পরবর্তী সময়ে মামলাটি অধিকতর তদন্তের জন্য অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো হয়। এরপর থেকেই তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন সানায়া।
সব মিলিয়ে নতুন এ মামলাকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী তানজিন তিশা। তবে মামলার অভিযোগগুলো এখনো তদন্তাধীন; এ বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।



