৩০ অক্টোবর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১৪ কার্তিক ১৪৩৩
খাবার-দাবার

ফেলে দেওয়া পাউরুটির ধারেই তৈরি হবে ৩ সুস্বাদু খাবার

a282b4404496dd7c47cb1f68de6c9ef3

সকালের নাশতা কিংবা শিশুর স্কুলের টিফিন—দুই ক্ষেত্রেই পাউরুটি বেশ জনপ্রিয় একটি খাবার। এটি দিয়ে স্যান্ডউইচ, টোস্টসহ নানা পদ তৈরি করা যায়। তবে পাউরুটির চারপাশের শক্ত ও বাদামি অংশ অনেকেই খেতে পছন্দ করেন না। বিশেষ করে শিশুদের জন্য স্যান্ডউইচ বানানোর সময় অনেক অভিভাবক এই অংশটুকু কেটে ফেলে দেন।

কিন্তু সামান্য সৃজনশীলতা কাজে লাগালে ফেলে দেওয়ার মতো এই অংশ দিয়েই তৈরি করা সম্ভব মজাদার সব খাবার। কখনো মুচমুচে পাকোড়া, কখনো চিজের স্বাদে ভরপুর ব্রেড স্টিক, আবার কখনো নরম ও মিষ্টি পুডিং। অল্প কিছু উপকরণেই ঘরে তৈরি করতে পারেন এই তিন পদ।

১. পাউরুটির ধার দিয়ে মুচমুচে পাকোড়া

উপকরণ: পাউরুটির বাদামি ধার এক কাপ, বেসন চার টেবিল চামচ, চালের গুঁড়া এক টেবিল চামচ, পেঁয়াজকুচি, কাঁচামরিচকুচি, ধনেপাতাকুচি, সামান্য হলুদ ও মরিচগুঁড়া, স্বাদমতো লবণ এবং প্রয়োজনমতো পানি।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে বেসন ও চালের গুঁড়া নিন। এতে পেঁয়াজকুচি, কাঁচামরিচ, ধনেপাতা, হলুদ, মরিচগুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার অল্প অল্প করে পানি যোগ করে ঘন মিশ্রণ তৈরি করুন। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন খুব বেশি পাতলা না হয়।

এরপর পাউরুটির বাদামি অংশগুলো ছোট ছোট টুকরো করে নিন। টুকরোগুলো বেসনের মিশ্রণে ভালোভাবে মাখিয়ে গরম তেলে ছাড়ুন। মাঝারি আঁচে উল্টেপাল্টে ভাজুন, যতক্ষণ না পাকোড়াগুলো সোনালি ও মুচমুচে হয়ে আসে। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নিন। চাইলে ওপর থেকে সামান্য চাট মসলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। বিকেলের চায়ের সঙ্গে এটি হতে পারে দারুণ নাশতা।

Advertisements

২. চিজি গার্লিক ব্রেড স্টিক

উপকরণ: পাউরুটির ধার ৮-১০টি, মাখন দুই টেবিল চামচ, রসুনবাটা এক চা চামচ, ধনেপাতাকুচি, পরিমাণমতো গ্রেট করা চিজ এবং অরিগ্যানো।

প্রস্তুত প্রণালি: প্রথমে মাখন গলিয়ে নিন। এরপর এতে রসুনবাটা ও ধনেপাতাকুচি মিশিয়ে নিন। পাউরুটির বাদামি ধারগুলো একটি ট্রে বা সমতল পাত্রে সাজিয়ে প্রতিটি টুকরোর ওপর মাখন-রসুনের মিশ্রণ ব্রাশ করে লাগান।

এবার ওপর থেকে গ্রেট করা চিজ ও অরিগ্যানো ছড়িয়ে দিন। আগে থেকে ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করে রাখা ওভেন বা এয়ার ফ্রায়ারে ৫-৭ মিনিট বেক করুন। চিজ গলে গেলে এবং পাউরুটির ধারগুলো হালকা সোনালি হয়ে এলে নামিয়ে ফেলুন।

তৈরি হয়ে যাবে সুস্বাদু চিজি গার্লিক ব্রেড স্টিক। টম্যাটো সস কিংবা মেয়োনিজের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বেড়ে যাবে।

৩. পাউরুটির ধার দিয়ে নরম পুডিং

উপকরণ: পাউরুটির বাদামি ধার এক কাপ, দুধ এক কাপ, ডিম একটি, চিনি তিন টেবিল চামচ, কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স, কিশমিশ ও কাজু।

প্রস্তুত প্রণালি: প্রথমে একটি পাত্রে দুধ, ডিম, চিনি ও ভ্যানিলা এসেন্স নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। খেয়াল রাখবেন, চিনি যেন দুধের সঙ্গে মিশে যায়। এবার পুডিং তৈরির উপযোগী একটি বাটিতে পাউরুটির ধারগুলো ছোট করে সাজিয়ে রাখুন।

এর ওপর ধীরে ধীরে দুধ ও ডিমের মিশ্রণ ঢেলে দিন। প্রায় ১০ মিনিট এভাবে রেখে দিন, যাতে পাউরুটির টুকরোগুলো মিশ্রণ শুষে নরম হয়ে যায়। এরপর ওপর থেকে কিশমিশ ও কাজু ছড়িয়ে দিন।

এবার মাইক্রোওয়েভে প্রায় পাঁচ মিনিট রান্না করুন। মাইক্রোওয়েভ না থাকলে একটি ঢাকনাযুক্ত কড়াইয়ে কিছু পানি দিয়ে তার ওপর স্ট্যান্ড বসিয়ে বাটিটি রাখুন। কড়াইয়ের ঢাকনা দিয়ে ঢেকে ভাপে পুডিং তৈরি করে নিতে পারেন। রান্না হয়ে গেলে ঠান্ডা হতে দিন। এরপর পরিবেশন করুন নরম, মিষ্টি ও সুস্বাদু পাউরুটির পুডিং।

পাউরুটির যে অংশটুকু সাধারণত ফেলে দেওয়া হয়, তা দিয়েই তৈরি করা যায় ভিন্ন স্বাদের তিনটি খাবার। এতে খাবারের অপচয় কমবে, পাশাপাশি পরিবারের সদস্যদের জন্য তৈরি করা যাবে নতুন ধরনের নাশতা ও মিষ্টান্ন।

Advertisements