ঘরেই তৈরি করুন মজাদার দুধ চা, জেনে নিন সহজ রেসিপি

চা অনেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। সকালে ঘুম থেকে উঠে কিংবা বিকেলের অবসরে এক কাপ গরম দুধ চা মুহূর্তেই এনে দিতে পারে প্রশান্তি। তবে চা খেতে ভালোবাসলেও অনেকেই ঠিকমতো দুধ চা তৈরি করতে পারেন না। কখনো চায়ের রং ঠিক হয় না, আবার কখনো স্বাদে মেলে না কাঙ্ক্ষিত গাঢ়ত্ব। কিছু সহজ কৌশল মেনে চললে ঘরেই তৈরি করা সম্ভব সুস্বাদু দুধ চা।
দুধ চা তৈরি করতে প্রয়োজন হবে পরিমাণমতো দুধ, চা-গুঁড়ো, পানি ও চিনি।
যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি সসপ্যানে পরিমাণমতো পানি নিয়ে চুলায় বসিয়ে দিন। পানি ফুটে উঠলে তাতে স্বাদ অনুযায়ী চিনি ও চা-গুঁড়ো দিয়ে কম আঁচে তিন থেকে চার মিনিট ফুটতে দিন। এতে চায়ের নির্যাস ভালোভাবে পানির সঙ্গে মিশে যাবে এবং রং গাঢ় হবে।
এরপর মিশ্রণে দুধ দিয়ে মাঝারি আঁচে আরও ছয় থেকে সাত মিনিট ফুটিয়ে নিন। এ সময় চায়ের রং ধীরে ধীরে হালকা খয়েরি হয়ে আসবে এবং ছোট ছোট বুদবুদ দেখা যাবে। পছন্দ অনুযায়ী চায়ের গাঢ়ত্ব তৈরি হলে চুলা বন্ধ করে দিন।
সবশেষে ছাঁকনি দিয়ে ছেঁকে কাপে পরিবেশন করুন গরম দুধ চা। সঙ্গে বিস্কুট কিংবা পছন্দের নাশতা থাকলে বিকেলের আড্ডাও হয়ে উঠবে আরও উপভোগ্য।
কিছু বিষয় খেয়াল রাখুন: চায়ের স্বাদ ও গাঢ়ত্ব ঠিক রাখতে উপকরণের পরিমাণ এবং ফোটানোর সময়ের দিকে খেয়াল রাখুন। অতিরিক্ত সময় ফুটালে চায়ের স্বাদ তেতো হয়ে যেতে পারে।



