অল্প উপকরণে ঘরেই হবে পাউরুটির মালাই চপ

মিষ্টি খেতে ভালোবাসেন, অথচ ঘরে মিষ্টি তৈরির ঝামেলা এড়াতে চান? তাহলে পাউরুটি দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু মালাই চপ। অল্প কিছু উপকরণে তৈরি এই মিষ্টান্নটি স্বাদে যেমন অতুলনীয়, তেমনি পরিবেশনেও বেশ আকর্ষণীয়। নরম পাউরুটির চপের সঙ্গে ঘন দুধের মালাইয়ের মিশ্রণ তৈরি করে দেবে দারুণ এক মিষ্টি স্বাদ। অতিথি আপ্যায়ন কিংবা পরিবারের সদস্যদের জন্য বিকেলের বিশেষ আয়োজনে রাখতে পারেন এই পদ।
প্রয়োজনীয় উপকরণ:
পাউরুটি ৬টি স্লাইস, দুধ ৩ কাপ, চিনি ৫–৬ টেবিল চামচ, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, এলাচ ২টি, ঘি বা তেল পরিমাণমতো এবং সাজানোর জন্য পেস্তা বা কাঠবাদাম কুচি।
প্রস্তুত প্রণালি:
-প্রথমে পাউরুটির চারপাশের বাদামি অংশ কেটে ফেলে সাদা অংশ ছোট ছোট টুকরা করে নিন। এবার অল্প অল্প দুধ দিয়ে পাউরুটি ভালোভাবে মেখে নরম মণ্ড তৈরি করুন। এতে ১ টেবিল চামচ চিনি ও ১ টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে নিন। মণ্ড বেশি নরম হয়ে গেলে সামান্য গুঁড়া দুধ যোগ করতে পারেন।
-এবার মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে হাতের তালুতে চেপে লম্বাটে চপের আকার দিন। খেয়াল রাখবেন, চপের গায়ে যেন কোনো ফাটল না থাকে। এতে ভাজার সময় চপ ভেঙে যাওয়ার আশঙ্কা কমবে।
-একটি কড়াইয়ে তেল বা ঘি গরম করে মাঝারি আঁচে চপগুলো সোনালি করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে অতিরিক্ত তেল ঝরিয়ে রাখুন।
এবার তৈরি করতে হবে মালাই।
-একটি পাত্রে বাকি দুধ নিয়ে জ্বাল দিন। দুধ কিছুটা কমে এলে চিনি, এলাচ ও বাকি গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে নেড়ে নিন। দুধ ঘন হয়ে এলে চুলা বন্ধ করে মালাই ঠান্ডা হতে দিন।
-সবশেষে একটি পরিবেশন পাত্রে ভাজা চপগুলো সাজিয়ে তার ওপর ঘন মালাই ঢেলে দিন। পাত্রটি ফ্রিজে দুই থেকে তিন ঘণ্টা রেখে দিন, যাতে চপের ভেতরে মালাইয়ের স্বাদ ভালোভাবে মিশে যায়। পরিবেশনের আগে ওপর থেকে পেস্তা বা কাঠবাদাম কুচি ছড়িয়ে দিন।
বিশেষ টিপস: পাউরুটির মণ্ডে একসঙ্গে বেশি দুধ দেবেন না। এতে চপের আকার ধরে রাখা কঠিন হতে পারে। আর মালাই যতটা ঘন হবে, মিষ্টান্নটির স্বাদ ও পরিবেশন ততটাই আকর্ষণীয় হবে।



