জীবনে ‘না’ বলতে শেখা কেন জরুরি?

সব কথায় সম্মতি দেওয়া, অন্যের মন রাখতে নিজের ইচ্ছাকে বারবার পাশে সরিয়ে রাখা—আমাদের সমাজে অনেক সময় এসবকেই ভদ্রতা, নম্রতা কিংবা ভালো ব্যবহারের পরিচয় হিসেবে দেখা হয়। ছোটবেলা থেকেই যেন শেখানো হয়, কাউকে কষ্ট দেওয়া যাবে না, কারও অনুরোধ ফিরিয়ে দেওয়া ঠিক নয়। অথচ নিজের অস্বস্তি, অপছন্দ কিংবা অনিচ্ছাকে গুরুত্ব দিয়ে প্রয়োজনের জায়গায় ‘না’ বলতে পারাও সুস্থ ব্যক্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ।
‘না’ বলা মানে কাউকে অসম্মান করা নয়। বরং নিজের সীমা, পছন্দ, অধিকার ও নিরাপত্তাকে সম্মান করা। যে আচরণে আপনি অস্বস্তি বোধ করেন, যে কাজে আপনার ইচ্ছা নেই কিংবা যে পরিস্থিতি আপনার আত্মসম্মানে আঘাত করে, সেখানে স্পষ্টভাবে নিজের অবস্থান জানাতে পারা জরুরি।
শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে ‘না’ বলতে শেখার গুরুত্ব সবচেয়ে বেশি। পরিচিত কিংবা আত্মীয়স্বজনের মধ্যেও কখনো কখনো শিশু অশোভন আচরণ বা যৌন নির্যাতনের শিকার হতে পারে। অথচ সেই ব্যক্তি পরিবারের খুব কাছের মানুষ হওয়ায় অনেক সময় অভিভাবকেরা শিশুর অভিযোগকে সহজে বিশ্বাস করতে চান না।
তাই শিশুকে ছোটবেলা থেকেই বোঝাতে হবে, তার শরীর তার নিজের। কোনো স্পর্শে অস্বস্তি লাগলে, ভয় হলে কিংবা ভালো না লাগলে সে সরাসরি ‘না’ বলতে পারবে। কে আত্মীয়, কে পরিচিত বা কে পরিবারের ঘনিষ্ঠ—সেটি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। শিশুর অস্বস্তিকে গুরুত্ব দেওয়া এবং তার কথা মন দিয়ে শোনা অভিভাবকের দায়িত্ব।
নিজের ইচ্ছাকে গুরুত্ব দিন
‘না’ বলা শুরু হতে পারে একেবারে ছোট ছোট বিষয় থেকে। ধরুন, আপনি খাবারের বিষয়ে কোনো নিয়ম মেনে চলছেন। কিন্তু পরিবারের কেউ বারবার আপনার প্লেটে এমন খাবার তুলে দিচ্ছেন, যা আপনি খেতে চাইছেন না। শুধু অন্যজনের মন খারাপ হবে ভেবে চুপ করে থাকার প্রয়োজন নেই। শান্তভাবে জানিয়ে দিতে পারেন, আপনি সেটি খেতে চাইছেন না এবং কেন চাইছেন না।
ঘরে নিজের পছন্দ-অপছন্দ প্রকাশ করতে না পারলে বাইরের জগতেও নিজের সীমা নির্ধারণ করা কঠিন হয়ে পড়ে। তাই প্রয়োজনের জায়গায় ভদ্র কিন্তু দৃঢ়ভাবে নিজের কথা বলার অভ্যাস তৈরি করা জরুরি।
সম্পর্কেও নিজের কথা বলার অধিকার আছে
সম্পর্কের ক্ষেত্রে ‘না’ বলা আরও সূক্ষ্ম বিষয়। ভালোবাসার সম্পর্ক শুরু করার সময় দুজনের মধ্যেই ভবিষ্যৎ নিয়ে নানা প্রত্যাশা থাকে। কিন্তু সময়ের সঙ্গে একে অপরের এমন কিছু আচরণ সামনে আসে, যা হয়তো সবসময় ভালো লাগে না। অনেকেই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেসব বিষয় চেপে যান।
কিন্তু কোনো সম্পর্কে থাকা মানেই নিজের মতামত বিসর্জন দেওয়া নয়। সঙ্গীর সঙ্গে কোনো বিষয়ে দ্বিমত থাকলে তা প্রকাশ করার অধিকার আপনার আছে। আপনি কোনো বিষয়ে কম জানলেও আপনার মতামতের মূল্য কমে যায় না।
শারীরিক ঘনিষ্ঠতার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। সঙ্গী আগ্রহী হলেও আপনার ইচ্ছা না থাকলে সেটি স্পষ্টভাবে জানাতে পারেন। ‘আমি এখন চাই না’—এই কথাটি বলার অধিকার প্রত্যেক মানুষের আছে। সম্মতি ছাড়া কোনো সম্পর্কই স্বাভাবিক বা গ্রহণযোগ্য হতে পারে না।
কর্মক্ষেত্রে নীরব থাকা সমাধান নয়
কর্মক্ষেত্রে ‘না’ বলতে না পারার পেছনে অনেক সময় চাকরি হারানোর ভয় কাজ করে। বিশেষ করে ঊর্ধ্বতন কর্মকর্তা বা সহকর্মীর অনাকাঙ্ক্ষিত মন্তব্য, আচরণ কিংবা হেনস্তার মুখে অনেকেই পরিস্থিতি এড়িয়ে যান।
তবে কোনো আচরণ যদি আপনার মর্যাদা, নিরাপত্তা বা পেশাগত পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেটিকে স্বাভাবিক হিসেবে মেনে নেওয়া উচিত নয়। পরিস্থিতি বুঝে দৃঢ়ভাবে আপত্তি জানানো, প্রয়োজন হলে বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে জানানো—নিজেকে সুরক্ষিত রাখারই অংশ।
শরীর নিয়ে মন্তব্যেও টানুন সীমারেখা
চেহারা, ওজন, গায়ের রং কিংবা শরীরের গঠন নিয়ে মন্তব্য আমাদের দৈনন্দিন জীবনের পরিচিত অভিজ্ঞতা। কাছের কেউ হয়তো মজা করে বলেন, ‘ওজন এত বেড়ে গেল কেন?’ আবার কেউ শুকিয়ে গেলে সেটিও নিয়ে মন্তব্য করেন। এক-দুবারের হালকা মন্তব্য আর নিয়মিত অপমানজনক মন্তব্য এক বিষয় নয়।
কেউ যদি বারবার আপনার শরীর নিয়ে মন্তব্য করেন, অন্যদের সামনে হাসিঠাট্টা করেন কিংবা আপনাকে অস্বস্তিতে ফেলেন, তাহলে সেখানে সীমারেখা টানা প্রয়োজন। শান্তভাবে জানিয়ে দিতে পারেন—আপনার শরীর বা চেহারা নিয়ে এ ধরনের মন্তব্য আপনি শুনতে চান না।
‘না’ মানে নিজের প্রতি সম্মান
সবকিছুতে মানিয়ে নেওয়া সবসময় ভালো মানুষ হওয়ার প্রমাণ নয়। বরং নিজের ইচ্ছা, সীমা ও অনুভূতিকে অস্বীকার করতে করতে একসময় মানুষ নিজের কাছেই অসহায় হয়ে পড়তে পারে।
তাই প্রয়োজনের জায়গায় ‘না’ বলতে শেখা মানে সম্পর্ক ভেঙে ফেলা কিংবা সবার সঙ্গে বিরোধে জড়ানো নয়। বরং কোথায় আপস করা যায় আর কোথায় নিজের অবস্থান স্পষ্ট করা দরকার—সেটি বুঝতে শেখা।
নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, অন্যায় বা অনাকাঙ্ক্ষিত আচরণের প্রতিবাদ করা এবং প্রয়োজনে নিজেকে নিরাপদ রাখা—এসবই আত্মসম্মানবোধের অংশ। সব অনুরোধে ‘হ্যাঁ’ বলা নয়, কখন কোথায় দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে, সেটিও জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা।



