ফেসবুকে ‘মানহানিকর’ পোস্টের অভিযোগ রুমিন ফারহানার, ডিএজির বিরুদ্ধে ব্যবস্থার দাবি

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে ‘আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ও আইনজীবী রুমিন ফারহানা।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দেওয়া এক আবেদনে তিনি এ দাবি জানান।
আবেদনে রুমিন ফারহানা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেও ডিএজি নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে ১১ সেপ্টেম্বর তাকে লক্ষ্য করে ‘অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ’ একটি স্ট্যাটাস দেন।
এ ধরনের ব্যক্তিগত, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে তার জন্য অপমানজনক বলে আবেদনে উল্লেখ করেন রুমিন ফারহানা। তিনি বলেন, এতে আদালত ও দেশের আইনজীবী পেশার মর্যাদাও ক্ষুণ্ন হয়।
রুমিন ফারহানার ভাষ্য, অ্যাটর্নি জেনারেল কার্যালয় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এমন শিষ্টাচারবহির্ভূত আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে তদন্ত ও উপযুক্ত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন জানান তিনি।
অভিযোগটি জানার পর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলামকে জিজ্ঞাসা করেছেন বলে জানিয়েছেন অ্যার্টনি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। গতকাল সোমবার তিনি সাংবাদিকদের বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা ছোটনের স্বাধীন মতামত প্রকাশের অধিকার। এই অফিসে জমা করা অভিযোগটি তার পেশাগত কিংবা প্রশাসনিক কোনো পদক্ষেপের আওতায় আসে না। এ কারণে আমি ছোটনের ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছি। এ ব্যাপারে তার বিরুদ্ধে আমাদের প্রশাসনিক কোনো ব্যবস্থা অ্যাটর্নি জেনারেল অফিস থেকে কিংবা সরকারের পক্ষ থেকে নেওয়ার কোনো সুযোগ নেই বলে আমি মনে করছি।’



