পার্টনার কেন কথা বলা বন্ধ করে মানসিক শাস্তি দেয়?

সম্পর্কে অভিমান, রাগ কিংবা মতের অমিল থাকতেই পারে। কখনো কখনো দুজনের একজন কিছুটা সময় একা থাকতে চাইতে পারেন। কিন্তু কথা বলার প্রয়োজন থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে যোগাযোগ বন্ধ করে দেওয়া, প্রশ্নের উত্তর না দেওয়া, মেসেজ দেখেও কোনো প্রতিক্রিয়া না দেখানো কিংবা সঙ্গীকে অনিশ্চয়তার মধ্যে রেখে দেওয়ার প্রবণতা সম্পর্কের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। অনেক সময় এটি হয়ে ওঠে এক ধরনের ‘নীরব শাস্তি’ বা মানসিক চাপ তৈরির কৌশল।
তবে এখানে একটি বিষয় আলাদা করে বোঝা জরুরি—কিছু সময়ের জন্য নিজেকে সামলে নিতে দূরত্ব চাওয়া এবং কাউকে শাস্তি দিতে ইচ্ছাকৃতভাবে নীরব থাকা এক বিষয় নয়।
রাগের প্রকাশ হিসেবে নীরবতা
কেউ কেউ সরাসরি রাগ বা কষ্ট প্রকাশ করতে পারেন না। ফলে কথা বলার পরিবর্তে চুপ করে থাকাকেই বেছে নেন। তারা হয়তো মনে করেন, কথা বললে পরিস্থিতি আরও খারাপ হবে। তাই নিজেকে শান্ত করার জন্য কিছুটা সময় নেন। এ ধরনের নীরবতা সবসময় মানসিক শাস্তি নয়। বরং একজন মানুষ যদি বলেন, ‘আমি এখন খুব রেগে আছি, একটু সময় চাই। পরে আমরা কথা বলব’—তাহলে সেটি সুস্থ যোগাযোগের অংশ হতে পারে।
সমস্যা শুরু হয় যখন সেই বিরতি অনির্দিষ্ট হয়ে যায় এবং অন্যজনকে ইচ্ছাকৃতভাবে উদ্বেগ, অপরাধবোধ কিংবা অসহায়ত্বের মধ্যে রাখা হয়।
নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা
কথা বন্ধ করে দেওয়ার পেছনে কখনো কখনো থাকে সম্পর্কের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইচ্ছা। একজন হয়তো বুঝতে পারেন, তার নীরবতায় অপরজন অস্থির হয়ে পড়েন। ফলে বারবার একই আচরণ করে তিনি সঙ্গীকে নিজের পছন্দমতো আচরণ করতে বাধ্য করার চেষ্টা করতে পারেন। যেমন, কোনো বিষয়ে মতের অমিল হলেই যোগাযোগ বন্ধ করে দেওয়া—যতক্ষণ না অপরজন ক্ষমা চান বা নিজের অবস্থান বদলে ফেলেন। এ ক্ষেত্রে নীরবতা আর শুধু রাগের প্রকাশ থাকে না; এটি হয়ে ওঠে চাপ প্রয়োগের মাধ্যম।
কষ্ট পেয়েও বলতে না পারা
সব নীরবতার পেছনে অবশ্য নিয়ন্ত্রণের উদ্দেশ্য থাকে না। কেউ কেউ ছোটবেলা থেকেই আবেগ প্রকাশ করতে শেখেননি। রাগ, অপমান, প্রত্যাখ্যান কিংবা কষ্টের মুহূর্তে কীভাবে কথা বলতে হয়, তা তাদের জানা থাকে না। ফলে তারা মুখোমুখি আলোচনা এড়িয়ে যান। নিজের ভেতরে কষ্ট জমিয়ে রাখেন এবং মনে করেন চুপ থাকাই নিরাপদ। কিন্তু নিজের অনুভূতি না জানালে সঙ্গীও বুঝতে পারেন না সমস্যাটা কোথায়।
প্রতিশোধ নেওয়ার মানসিকতা
কখনো কোনো ঝগড়ার পর একজন মনে করতে পারেন, ‘আমাকে কষ্ট দিয়েছে, তাই তাকেও কষ্ট পেতে হবে।’ তখন কথা বন্ধ করা হয়ে উঠতে পারে প্রতিশোধের একটি উপায়।
এই আচরণের ফলে অন্যজন বারবার ভাবতে থাকেন—‘আমি কী ভুল করেছি?’, ‘সে কি আমাকে আর ভালোবাসে না?’, ‘সম্পর্কটা কি শেষ হয়ে যাচ্ছে?’
এভাবে অনিশ্চয়তার মধ্যে থাকা মানসিকভাবে অত্যন্ত ক্লান্তিকর হতে পারে।
পরিত্যক্ত হওয়ার ভয়
কিছু মানুষের ক্ষেত্রে সম্পর্ক হারানোর ভয় থেকেই অদ্ভুত আচরণ দেখা দিতে পারে। তারা হয়তো মনে করেন, আগে থেকেই দূরে সরে গেলে প্রত্যাখ্যাত হওয়ার কষ্ট কম হবে। আবার কেউ কেউ সঙ্গীকে পরীক্ষা করতেও যোগাযোগ বন্ধ করে দেন—‘সে আমাকে কতটা খুঁজবে, কতবার ফোন করবে?’ কিন্তু ভালোবাসা যাচাই করার এমন পদ্ধতি ধীরে ধীরে সম্পর্কে অবিশ্বাস ও নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে।
নীরবতা যখন সম্পর্কের জন্য ক্ষতিকর
একজন মানুষ যদি নিয়মিতভাবে কথা বন্ধ করে সঙ্গীকে উদ্বিগ্ন রাখেন, সমস্যা সমাধানের সুযোগ না দেন এবং প্রতিবারই অপরজনকে ক্ষমা চাওয়া বা অনুনয় করার অবস্থায় নিয়ে যান, তাহলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে। এতে সঙ্গীর মধ্যে অপরাধবোধ, আত্মবিশ্বাসের ঘাটতি, প্রত্যাখ্যাত হওয়ার ভয় কিংবা সম্পর্ক নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা তৈরি হতে পারে। সবচেয়ে বড় সমস্যা হলো, ধীরে ধীরে একজন মানুষ নিজের স্বাভাবিক আচরণও বদলাতে শুরু করেন—শুধু যাতে আবার ‘কথা বন্ধ’ করে দেওয়ার পরিস্থিতি তৈরি না হয়।
কীভাবে পরিস্থিতি সামলাবেন?
সঙ্গী কথা বলা বন্ধ করলে বারবার ফোন, মেসেজ বা অনুরোধ না করে প্রথমে পরিস্থিতিকে কিছুটা সময় দেওয়া যেতে পারে। তবে নীরবতার সীমা ও উদ্দেশ্য নিয়ে পরিষ্কারভাবে কথা বলা জরুরি।
শান্ত সময়ে বলা যেতে পারে, ‘তুমি রাগ করলে কিছুটা সময় নিতে পারো। কিন্তু পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দিলে আমি বুঝতে পারি না কী হচ্ছে। আমাদের সমস্যা হলে আমরা যেন কথা বলে সমাধান করার চেষ্টা করি।’ একই আচরণ বারবার হলে নিজের সীমারেখাও স্পষ্ট করতে হবে। কারণ সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব একা একজনের নয়। দুজনেরই কথা বলা, শোনা এবং সমস্যা সমাধানের চেষ্টা থাকা প্রয়োজন।
সবশেষে মনে রাখা দরকার, নীরবতা সবসময় মানসিক শাস্তি নয়। কেউ হয়তো সত্যিই নিজেকে শান্ত করার জন্য সময় নিচ্ছেন। কিন্তু যদি নীরবতার উদ্দেশ্য হয় অপরজনকে ভয় দেখানো, অপরাধবোধে রাখা, নিয়ন্ত্রণ করা কিংবা শাস্তি দেওয়া, তাহলে সেটি সুস্থ যোগাযোগের পরিবর্তে সম্পর্কের জন্য ক্ষতিকর আচরণ হয়ে উঠতে পারে।
ভালো সম্পর্কের অর্থ কখনোই এই নয় যে সেখানে ঝগড়া হবে না। বরং মতের অমিলের পর দুজন কীভাবে আবার কথা বলতে ফিরে আসেন, একে অপরের অনুভূতি বোঝেন এবং সমস্যার সমাধান করেন—সেখানেই সম্পর্কের সুস্থতার বড় পরীক্ষা।



