১১ সেপ্টেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ২৭ ভাদ্র ১৪৩৩
বিবিধ

আমানতে মুনাফা কমিয়ে দেওয়া থেকে সরে এলো বাংলাদেশ ব্যাংক

IMG_f291788b-994a-4305-8bc5-1cbb113f6c14

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফা কমিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে গ্রাহকদের আমানতের মুনাফা নির্ধারণে সরাসরি ৪ শতাংশ হারে কাটছাঁট করা হবে না। বরং সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত ব্যক্তিগত ও অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের ক্ষেত্রে নির্ধারিত ৪ শতাংশ হারে মুনাফা দেওয়ার বিষয়টি প্রযোজ্য হবে না। ওই সময়ে ব্যাংকের প্রকৃত কার্যকর মুনাফার হার কত ছিল, সেটি বিবেচনায় নিয়েই গ্রাহকদের আমানতের মুনাফা নতুন করে হিসাব করতে হবে।

এ ছাড়া ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের অন্তর্বর্তী সময়ের আমানতের ক্ষেত্রেও একইভাবে পুনর্নির্ধারিত মুনাফার হার কার্যকর হবে।

অর্থাৎ, গ্রাহকদের আমানতের মুনাফা নির্ধারণে একক কোনো হার চাপিয়ে দেওয়ার বদলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হারকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে আমানতকারীদের প্রাপ্য মুনাফা আগের সিদ্ধান্তের তুলনায় ভিন্নভাবে নির্ধারিত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

এদিকে দীর্ঘ অপেক্ষার পর গত ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকেরা নিজেদের আমানতের অর্থ উত্তোলনের সুযোগ পাচ্ছেন। টাকা তোলার কার্যক্রম শুরুর পর প্রথম তিন দিনেই ২৭ হাজার ৫৬ জন গ্রাহক তাঁদের আমানত থেকে মোট ১ হাজার ৪০ কোটি টাকা তুলে নিয়েছেন।

ফলে একদিকে আমানত উত্তোলনের সুযোগ পাওয়ায় গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরছে, অন্যদিকে মুনাফা কমানোর সিদ্ধান্ত থেকে বাংলাদেশ ব্যাংকের সরে আসার বিষয়টিও আমানতকারীদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

Advertisements