১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
বিবিধ

বাড়ছে তিন নদীর পানি, তলিয়েছে গ্রামের পর গ্রাম

de32d3c2c59b42733f0c8705cca2e410-6aa3f932a54f3

উজান থেকে আসা ঢলে পদ্মা নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি ইউনিয়নের প্রায় আড়াই হাজার পরিবারের অন্তত ১০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পদ্মার পাশাপাশি মহানন্দা ও পুনর্ভবা নদীতেও পানি বাড়ছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চলের অন্তত আড়াই হা পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। পানি বাড়তে থাকায় নিম্নাঞ্চলের অনেক বাড়িঘর, রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও মাদ্রাসায় পানি ঢুকে পড়েছে। তলিয়ে যাচ্ছে আমন ধানের জমি। কোথাও কোথাও ঘরের ভেতর পানি ঢুকে পড়ায় পরিবার নিয়ে উঁচু স্থানে আশ্রয় নিতে হচ্ছে বাসিন্দাদের। একই সঙ্গে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও স্যানিটেশন সংকট।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে পদ্মা নদীতে পানি বেড়েছে ৪৪ সেন্টিমিটার। ৭ সেপ্টেম্বর সকাল ৯টায় পাঙ্খা গেজ স্টেশনে পানির উচ্চতা ছিল ২১ দশমিক ৩২ মিটার। ৮ সেপ্টেম্বর ২১ দশমিক ৪৪ মিটার, ৯ সেপ্টেম্বর ২১ দশমিক ৫৮ মিটার, ১০ সেপ্টেম্বর ২১ দশমিক ৬৯ মিটার এবং সর্বশেষ ১১ সেপ্টেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ২১ দশমিক ৭৬ মিটারে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, পানিবন্দী মানুষের দুর্ভোগের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।