হঠাৎ পুরোনো লজ্জার স্মৃতি মনে পড়ার আসল কারণ কী?

স্বাভাবিক একটি দিনের ব্যস্ততার মাঝেই হঠাৎ বহু বছর আগের কোনো বিব্রতকর ঘটনা মনে পড়ে যেতে পারে। এমনকি ঘটনাটি অন্যদের কাছে হয়তো তেমন গুরুত্বপূর্ণও ছিল না, কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তির কাছে সেটি যেন এখনো স্পষ্ট। মনোবিজ্ঞানীদের মতে, এর পেছনে মস্তিষ্কের স্মৃতি সংরক্ষণ ও আবেগ প্রক্রিয়াজাত করার বিশেষ পদ্ধতি কাজ করে।
সব ধরনের স্মৃতি মস্তিষ্ক সমান গুরুত্ব দিয়ে ধরে রাখে না। কোনো ঘটনা যদি ভয়, লজ্জা, আনন্দ বা অস্বস্তির মতো তীব্র আবেগ তৈরি করে, তাহলে সেটি সাধারণ দৈনন্দিন অভিজ্ঞতার তুলনায় বেশি শক্তভাবে স্মৃতিতে গেঁথে যেতে পারে। বিশেষ করে সামাজিকভাবে বিব্রত হওয়ার মুহূর্তগুলো মস্তিষ্কের কাছে গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হয়।
বিব্রতকর পরিস্থিতিতে সাধারণত অন্যদের সামনে নিজের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়। মস্তিষ্ক এমন অভিজ্ঞতাকে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলার জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে ধরে রাখতে পারে। এ কারণেই অনেক বছর পরও কোনো পুরোনো অপমান বা অস্বস্তিকর মুহূর্ত হঠাৎ মনে পড়ে যায়।
সামাজিক প্রত্যাখ্যান বা অপমানের অভিজ্ঞতার সঙ্গে শারীরিক ব্যথার কিছুটা মিল রয়েছে বলেও গবেষণায় উঠে এসেছে। ফলে অন্যদের সামনে লজ্জায় পড়ার মতো ঘটনা মস্তিষ্কের কাছে নিছক একটি সামাজিক অভিজ্ঞতা না হয়ে অনেকটা সতর্কবার্তার মতো কাজ করতে পারে।
কোনো বিব্রতকর ঘটনা নিয়ে অমীমাংসিত আবেগ থেকে গেলেও সেটি বারবার মনে পড়তে পারে। ঘটনার পর সেটি নিয়ে কারও সঙ্গে কথা না বলা, বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে ভাবার সুযোগ না পাওয়া কিংবা ঘটনাটিকে বাস্তবতার আলোকে মূল্যায়ন না করার কারণে স্মৃতিটি মনের মধ্যে আরও সক্রিয় থাকতে পারে। বিপরীতে, সেই ঘটনা নিয়ে কাছের কারও সঙ্গে কথা বলা কিংবা পরে সেটিকে হালকা দৃষ্টিতে দেখার সুযোগ পেলে এর আবেগীয় প্রভাব কমতে পারে।
পুরোনো বিব্রতকর স্মৃতি মনে পড়ার ক্ষেত্রে ‘স্পটলাইট এফেক্ট’ও গুরুত্বপূর্ণ। মানুষ প্রায়ই ধরে নেয়, তার করা কোনো ভুল বা বিব্রতকর কাজ অন্যরাও ঠিক একইভাবে লক্ষ্য করেছে এবং দীর্ঘদিন মনে রেখেছে। বাস্তবে অন্যরা ঘটনাটিকে যতটা গুরুত্ব দিয়েছে বলে মনে হয়, অনেক ক্ষেত্রেই তা নয়। প্রত্যেকে সাধারণত নিজের আচরণ ও ভাবমূর্তি নিয়েই বেশি চিন্তিত থাকে।
ফলে বহু বছর আগের কোনো অস্বস্তিকর মুহূর্ত হঠাৎ মনে পড়ে গেলে সেটিকে অস্বাভাবিকতার লক্ষণ হিসেবে দেখার কারণ নেই। বরং এটি মানুষের মস্তিষ্কের স্বাভাবিক কার্যপ্রক্রিয়ার অংশ। মস্তিষ্ক তীব্র আবেগের অভিজ্ঞতাগুলো ধরে রেখে ভবিষ্যতে একই ধরনের পরিস্থিতি থেকে মানুষকে সতর্ক করার চেষ্টা করে। তবে সেই সতর্কতা অনেক সময় প্রয়োজনের তুলনায় দীর্ঘস্থায়ী হয়ে পুরোনো বিব্রতকর স্মৃতিকেও বারবার সামনে নিয়ে আসে।



