৯ সেপ্টেম্বর, ২০২৬ | বুধবারবাংলা: ২৫ ভাদ্র ১৪৩৩
বিনোদন

ফিলিস্তিনের পক্ষে কথা বলায় সিনেমার কাজ হারাচ্ছেন অস্কার জয়ী অভিনেত্রী

IMG_4710

অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী সুজান সারান্ডন দাবি করেছেন, ফিলিস্তিনের পক্ষে প্রকাশ্যে কথা বলার কারণে সাম্প্রতিক সময়ে তিনি সিনেমার কাজ হারাচ্ছেন। এমনকি কয়েকটি প্রতিভা ব্যবস্থাপনা সংস্থাও তাঁকে কাজে না নেওয়ার জন্য অন্যদের পরামর্শ দিচ্ছে বলে জানিয়েছেন ৭৯ বছর বয়সী এই অভিনেত্রী।

ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’-এর প্রচারে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সারান্ডন এসব কথা বলেন। তাঁর ভাষ্য, ফিলিস্তিন ইস্যুতে তাঁর অবস্থানের কারণে চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষ তাঁকে এড়িয়ে চলছেন। সম্প্রতি কয়েকটি সিনেমার কাজও তাঁর হাতছাড়া হয়েছে বলে জানান তিনি।

তবে পেশাগত ক্ষেত্রে এমন পরিস্থিতির মুখোমুখি হলেও সাধারণ দর্শকদের কাছ থেকে এখনো ভালোবাসা পাচ্ছেন বলে মনে করেন সারান্ডন। একইসঙ্গে ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও নিজের মত তুলে ধরেন তিনি। তাঁর মতে, ফিলিস্তিনের ইতিহাস, যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ইহুদিবাদীদের প্রভাব এবং ইসরায়েলকে দেওয়া মার্কিন অর্থসহায়তার বিষয়গুলো নিয়ে মানুষের মধ্যে আগের তুলনায় সচেতনতা বেড়েছে।

এর আগেও ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ার কারণে বিতর্কে জড়িয়েছিলেন সারান্ডন। ২০২৩ সালে ইসরায়েলে হামাসের হামলার প্রায় এক মাস পর একটি ফিলিস্তিনপন্থী সমাবেশে বক্তব্য দেন তিনি। ওই বক্তব্যকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হলে প্রতিভা সংস্থা ইউটিএ তাঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে।

‘ডেড ম্যান ওয়াকিং’ সিনেমায় অভিনয়ের জন্য ১৯৯৬ সালে অস্কার জেতেন সারান্ডন। ‘দ্য রকি হরর পিকচার শো’, ‘বুল ডারহাম’ ও ‘থেলমা অ্যান্ড লুইজ’-এর মতো সিনেমায় অভিনয়ের মাধ্যমে দীর্ঘ ক্যারিয়ারে তিনি হলিউডের অন্যতম পরিচিত অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।

এদিকে সারান্ডনের নতুন সিনেমা ‘দ্য ইকো চেম্বার’ পরিচালনা করেছেন আন্দ্রেয়া পাল্লাওরো। সিনেমাটিতে একজন গায়িকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। গল্পে মাদকাসক্তি থেকে সেরে ওঠা এক সংগীত প্রযোজককে নিয়ে নতুন অ্যালবাম তৈরির উদ্যোগকে কেন্দ্র করে কাহিনি এগিয়েছে।

ভেনিস চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন লায়নের জন্য প্রতিযোগিতা করছে সিনেমাটি। আগামী ১২ সেপ্টেম্বর উৎসবের পুরস্কার ঘোষণা হওয়ার কথা রয়েছে।

Advertisements