কর্মক্ষেত্রে নতুন বছরে হোক নতুন সংকল্প

নতুন বছর এলেই আমরা নিজের জন্য নানা ব্যক্তিগত লক্ষ্য ঠিক করি। স্বাস্থ্য ভালো রাখা, পরিবারকে সময় দেওয়া বা কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা। কিন্তু আমাদের জীবনের বড় একটি অংশ তো কাটে অফিসেই। তাই নতুন বছরে কর্মক্ষেত্রেও কিছু ইতিবাচক সংকল্প ঠিক করে নেওয়া জরুরি। যা আপনাকে আরও কর্মোদ্দীপিত, গুছানো ও মানসিকভাবে ভালো রাখতে সাহায্য করবে।
গুছানো কর্মপরিবেশ, গুছানো মন
অগোছালো ডেস্ক মানেই অগোছালো মন। নতুন বছরের শুরুতেই নিজের কাজের জায়গা পরিষ্কার করুন। অপ্রয়োজনীয় কাগজপত্র, ফাইল বা ডিজিটাল ডকুমেন্ট সরিয়ে ফেলুন। পরিচ্ছন্ন ও পরিপাটি ডেস্কে কাজ করলে মনোযোগ বাড়ে। কাজের আগ্রহও দ্বিগুণ হয়। সপ্তাহ শেষে কয়েক মিনিট সময় নিয়ে ডেস্ক গুছিয়ে রাখার অভ্যাস গড়ে তুলুন।
কাজ আর জীবনের মাঝে থাকুক ভারসাম্য
অফিসের কাজ যেন ব্যক্তিগত জীবনকে গ্রাস না করে। অফিস শেষে ই-মেইল বা মেসেজে উত্তর না দেওয়ার অভ্যাস করুন। যারা বাসা থেকে কাজ করেন তারা কাজের জন্য আলাদা একটি জায়গা নির্ধারণ করুন। কাজ শেষ হলে সেই জায়গা ছেড়ে বেরিয়ে আসুন। এতে মানসিকভাবে বিশ্রাম পাওয়া যায়। ছুটির দিন মানেই পরিবার ও নিজের জন্য সময়। এই সিদ্ধান্তে অটল থাকুন।
লাঞ্চ ব্রেক এড়িয়ে যাবেন না
ব্যস্ততার অজুহাতে লাঞ্চ ব্রেক বাদ দেওয়া মোটেও ভালো অভ্যাস নয়। অন্তত ২০ মিনিট ডেস্ক ছেড়ে সহকর্মীদের সঙ্গে বসে খাওয়ার চেষ্টা করুন। খাওয়ার পর একটু হাঁটাহাঁটি করলে শরীর ও মন দুটোই চাঙ্গা থাকে। এতে কাজের ক্লান্তিও কমে যায়।

গতানুগতিকতার বাইরে ভাবুন
নিজের নির্ধারিত কাজের বাইরেও মাঝে মাঝে নতুন কিছু করার চেষ্টা করুন। অন্য বিভাগের কোনো কাজে সাহায্য করা, নতুন সহকর্মীকে সহযোগিতা করা। এসব ছোট উদ্যোগই আপনাকে দক্ষ ও দায়িত্বশীল কর্মী হিসেবে গড়ে তুলবে।নতুন দক্ষতা শিখুননতুন বছর মানেই নতুন কিছু শেখার সুযোগ। হতে পারে নতুন কোনো সফটওয়্যার, যোগাযোগ দক্ষতা বা সময় ব্যবস্থাপনা। নিয়মিত শেখার মানসিকতা আপনাকে ক্যারিয়ারে এক ধাপ এগিয়ে রাখবে।
সময়ের সঠিক ব্যবহার করুন
দিনের শুরুতেই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক করে নিন। বড় কাজকে ছোট ভাগে ভাগ করে করলে চাপ কমে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ রেখে মনোযোগ দিয়ে কাজ করার অভ্যাস গড়ে তুলুন।সহকর্মীদের সঙ্গে সম্পর্ক হোক বন্ধুত্বপূর্ণঅফিসের পরিবেশ সুন্দর রাখতে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক খুবই জরুরি। কাজের বাইরেও হালকা আড্ডা, হাসি-ঠাট্টা সম্পর্ককে আরও দৃঢ় করে। এতে কাজের চাপও কম মনে হয়।
টিমওয়ার্কে আনন্দ যোগ করুন
মাঝেমধ্যে টিমের সবাই মিলে ছোট কোনো আয়োজন করুন—হোক তা পিকনিক, খেলা বা একসঙ্গে চা-নাশতা। এসব উদ্যোগ টিমের মধ্যে একতা বাড়ায় এবং কাজের প্রতি আগ্রহ তৈরি করে।
ইতিবাচক থাকুনইতিবাচক মনোভাবই সফল কর্মজীবনের চাবিকাঠি। সমস্যায় হতাশ না হয়ে সমাধানের দিকে মন দিন। সহকর্মীদের কাজের প্রশংসা করুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। আপনার একটি ভালো কথা কারও পুরো দিনটাই সুন্দর করে দিতে পারে।নতুন বছরে এই ছোট ছোট সংকল্পগুলোই আপনার কর্মজীবনকে করে তুলতে পারে আরও সুন্দর, ভারসাম্যপূর্ণ ও আনন্দময়।



