যে ভিটামিনের ঘাটতিতে ঠোঁট ফাটে

শীত এলেই সবার আগে তার প্রভাব পড়ে ঠোঁটে। ত্বক শুষ্ক হওয়ার সঙ্গে সঙ্গে ঠোঁটও ফেটে যায়, কারও কারও ক্ষেত্রে তা এতটাই গুরুতর হয় যে রক্ত পর্যন্ত বেরোয়। আমরা বেশির ভাগ সময়ই এটাকে শীতের স্বাভাবিক সমস্যা বলে এড়িয়ে যাই। কিন্তু সব সময় ঠান্ডাই যে ঠোঁট ফাটার একমাত্র কারণ তা নয়।
অনেকের ঠোঁট সারা বছরই কিছুটা শুষ্ক থাকে, আর শীত এলে সমস্যা আরও বেড়ে যায়। এর পেছনে যেমন পরিবেশগত কারণ রয়েছে, তেমনি শরীরের ভেতরের কিছু ঘাটতিও দায়ী হতে পারে।
শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায়। ফলে শরীর থেকে ঘাম কম বের হয় এবং ত্বকের প্রাকৃতিক তেল ঠিকমতো ছড়াতে পারে না। এর ফলেই ত্বক ও ঠোঁট শুকিয়ে কুঁচকে যায়, ফাটল ধরে।
তবে চিকিৎসকদের মতে, শুষ্ক আবহাওয়ার পাশাপাশি একটি নির্দিষ্ট ভিটামিনের অভাবেও ঠোঁট ফাটার সমস্যা দেখা দিতে পারে।
ঠোঁট ফাটার একটি বড় কারণ হলো ভিটামিন বি২ (রাইবোফ্লাভিন)-এর ঘাটতি। এই ভিটামিন ত্বক ও ঠোঁটকে কোমল ও সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শরীরে ভিটামিন বি২ কমে গেলে ঠোঁট শুষ্ক হয়ে যাওয়া, ফেটে যাওয়া, মুখের কোণে ঘা বা আলসারের মতো সমস্যা দেখা দিতে পারে।

এ ছাড়া ভিটামিন বি২-এর অভাবে ত্বক রুক্ষ হয়ে যাওয়া, চোখে জ্বালাভাব কিংবা ক্লান্তি অনুভব করাও অস্বাভাবিক নয়।
এই সমস্যা থেকে মুক্তি পেতে কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই অনেক উপকার পাওয়া যায়।
- প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন, শরীর হাইড্রেটেড রাখুন
- চিকিৎসকের পরামর্শ নিয়ে ভিটামিন বি২ সমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় যোগ করুন
- সপ্তাহে ৩–৪ দিন ঠোঁটে হালকা স্ক্রাব করুন
- হলুদ ও মধু মিশিয়ে প্রাকৃতিক স্ক্রাব ব্যবহার করতে পারেন
- নিয়মিত অর্গানিক বা ময়েশ্চারাইজিং লিপ বাম ব্যবহার করুন
- ঠোঁট বারবার জিভ দিয়ে ভেজানোর অভ্যাস এড়িয়ে চলুন
শীতের ঠোঁট ফাটা সমস্যা খুব সাধারণ হলেও একে অবহেলা করা ঠিক নয়। কারণ এটি কখনো কখনো শরীরের ভেতরের পুষ্টির ঘাটতির সংকেতও হতে পারে। তাই বাইরে থেকে যত্ন নেওয়ার পাশাপাশি ভেতর থেকেও সুস্থ থাকার দিকে নজর দেওয়া জরুরি। তাতেই ঠোঁট থাকবে নরম, সুস্থ ও ফাটলমুক্ত শীতজুড়ে।



