১২ সেপ্টেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ২৮ ভাদ্র ১৪৩৩
বিবিধ

শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে যুক্তরাষ্ট্রে নতুন বিধিনিষেধ

IMG_4775

শিশুদের প্রযুক্তিনির্ভর ঝুঁকি থেকে সুরক্ষা দিতে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারে নতুন বিধিনিষেধ চালু করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম দুটি গুরুত্বপূর্ণ আইনসহ মোট ১৩টি বিলে স্বাক্ষর করেন। নতুন আইন অনুযায়ী, ১৬ বছরের কম বয়সি শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যমের এমন কিছু ফিচারের সংস্পর্শে আসা নিষিদ্ধ করা হয়েছে, যেগুলো আচরণগতভাবে আসক্তি তৈরি করতে পারে। একই সঙ্গে এআই-চ্যাটবটযুক্ত ‘কম্প্যানিয়ন’ খেলনা তৈরি ও বিক্রির ওপরও চার বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

গভর্নর নিউজমের কার্যালয় জানিয়েছে, তরুণদের প্রযুক্তিজনিত ঝুঁকি কমানো এবং অপ্রাপ্তবয়স্কদের অনলাইন গোপনীয়তা সুরক্ষা জোরদার করতেই এসব আইন করা হয়েছে। নতুন বিধানের আওতায় শিশু যৌন নির্যাতনের উপকরণসংক্রান্ত আইনের পরিধিও বাড়ানো হয়েছে। ফলে ১৮ বছরের কম বয়সি কাউকে যৌন কর্মকাণ্ডে জড়িত দেখানো যেকোনো এআই-নির্মিত কনটেন্টও এখন ওই আইনের আওতায় পড়বে।

সামাজিক যোগাযোগমাধ্যমসংক্রান্ত আইনটির নাম দেওয়া হয়েছে ‘অ্যাডামস ল’। ১৬ বছর বয়সি অ্যাডাম রেইনের স্মরণে আইনটির এ নামকরণ করা হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে আত্মহত্যা করেন অ্যাডাম। তার বাবা-মায়ের দাবি, আত্মহত্যার চিন্তা নিয়ে ওপেনএআইয়ের চ্যাটজিপিটির সঙ্গে কয়েক মাস ধরে আলোচনার পর তিনি এমন সিদ্ধান্ত নেন।

এদিকে ওপেনএআই জানিয়েছে, চ্যাটজিপিটির নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে। দীর্ঘ সময় ধরে ব্যবহারকারীর সঙ্গে কথোপকথন চললে নিরাপত্তাব্যবস্থা ‘কম নির্ভরযোগ্য’ হয়ে পড়েছিল বলেও প্রতিষ্ঠানটি স্বীকার করেছে।

নতুন আইনে ১৬ বছরের কম বয়সিদের জন্য ‘মনস্তাত্ত্বিকভাবে শোষণমূলক’ ফিচার নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অসীম স্ক্রলিং ফিড, অ্যালগরিদমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু হওয়া এবং ভবিষ্যৎ বিধিমালায় নির্ধারিত অন্যান্য ফিচার।

এ ছাড়া এআই-চ্যাটবটযুক্ত খেলনার ক্ষেত্রে নির্মাতা ও বিক্রেতাদের ওপরও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। চ্যাটবট প্রোগ্রামে অভিভাবকীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু এবং বিভিন্ন নিরাপত্তা ও ঝুঁকি মূল্যায়ন করার বাধ্যবাধকতাও রাখা হয়েছে।

গভর্নর নিউজম বলেন, প্রযুক্তি যেন শিশুদের দুর্বলতাকে কাজে লাগানোর পরিবর্তে তাদের কল্যাণে ব্যবহৃত হয়, সেটিই এসব আইনের মূল লক্ষ্য।

গুগল, মেটা ও স্ন্যাপের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের আবাসস্থল ক্যালিফোর্নিয়া এর মাধ্যমে শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপকারী যুক্তরাষ্ট্রের অন্যান্য অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত হলো। এর আগে ইউটাহ, আরকানসাস, লুইজিয়ানা, ওহাইও, টেক্সাস, ফ্লোরিডা ও নিউইয়র্ক শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে আইন করেছে।

তবে ক্যালিফোর্নিয়ার নতুন আইন নিয়ে সমালোচনাও হয়েছে। ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশন এটিকে তরুণদের ইন্টারনেট ব্যবহারে অপ্রয়োজনীয় বিধিনিষেধ হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটির দাবি, এসব বিধিনিষেধ অনলাইন গোপনীয়তা ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

Advertisements