৪০ বছর বয়সে প্রথম সন্তানের মা হলেন লেডি গাগা

৪০ বছর বয়সে প্রথম সন্তানের মা হয়েছেন পপ তারকা লেডি গাগা। দীর্ঘদিনের মা হওয়ার ইচ্ছা এবার পূরণ হয়েছে গায়িকা ও অভিনেত্রীর। মার্কিন বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পেজ সিক্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, লেডি গাগা ও তার বাগদত্তা প্রযুক্তি উদ্যোক্তা মাইকেল পোলানস্কি তাদের প্রথম সন্তানের স্বাগত জানিয়েছেন। তবে সন্তান ছেলে না মেয়ে, কবে জন্ম হয়েছে—এসব তথ্য এখনো প্রকাশ্যে আনেননি তারা।
পেজ সিক্স জানিয়েছে, উত্তর ক্যালিফোর্নিয়ায় গাগা ও পোলানস্কিকে সন্তানের সঙ্গে দেখা গেছে। প্রকাশিত ছবিতে সন্তানকে বুকে নিয়ে হাঁটতে দেখা যায় গাগাকে। এ সময় তার সঙ্গে ছিলেন পোলানস্কিও।
মা হওয়ার ইচ্ছার কথা অবশ্য বহু আগেই জানিয়েছিলেন গাগা। ২০১৯ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে তিনি জানিয়েছিলেন, অভিনয়ে আরও কাজ করার পাশাপাশি ভবিষ্যতে সন্তান নেওয়ার ইচ্ছা রয়েছে তার। পরের বছরও একই ইচ্ছার কথা প্রকাশ্যে বলেছিলেন এই তারকা। এবার সেই স্বপ্নই বাস্তবে রূপ নিল।
মাইকেল পোলানস্কির সঙ্গে গাগার সম্পর্কের শুরু ২০২০ সালে। ওই বছর সুপার বোলের সময় মায়ামিতে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে। করোনাভাইরাস মহামারির সময় তারা গাগার বাড়িতেই একসঙ্গে ছিলেন।
২০২৪ সালের জুলাইয়ে তাদের বাগ্দানের খবর প্রকাশ্যে আসে। একই বছরের প্যারিস অলিম্পিকের সময় ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আতালের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার সময় পোলানস্কিকে নিজের ‘বাগদত্তা’ হিসেবে উল্লেখ করেন গাগা। এরপর থেকেই তাদের বাগ্দানের বিষয়টি প্রকাশ্যেই ছিল।



