বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনমঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
রূপ-সৌন্দর্য

রঙিন চুল সুন্দর রাখতে দরকার বাড়তি যত্ন

colored-hair

চুলে রং করতে কার না ভালো লাগে! নতুন রঙ মানেই নতুন লুক, নতুন আত্মবিশ্বাস। অনেকেই পারলারে না গিয়ে নিজের পছন্দের রং কিনে বাড়িতেই চুল রাঙান। এতে সময় ও খরচ দুটোই বাঁচে। তবে বাড়িতে চুলে রং করলে একটি সমস্যার মুখোমুখি প্রায় সবাই হন। চুল ধোয়ার সঙ্গে সঙ্গে রঙ ফ্যাকাশে হয়ে যাওয়া। একটু অসচেতন যত্নেই সুন্দর রঙিন চুল দ্রুত নিস্তেজ ও রুক্ষ দেখাতে শুরু করে। তাই রঙ করার পর চুল ধোয়া থেকে শুরু করে শুকানো। সব ক্ষেত্রেই দরকার বাড়তি যত্ন।

রঙ-সুরক্ষিত শ্যাম্পু ব্যবহার করুন

চুলে রং করার পর সাধারণ শ্যাম্পু নয়। বরং কালার প্রোটেকটিভ শ্যাম্পু বেছে নিন। এই ধরনের শ্যাম্পুতে সালফেট কম থাকে। যা চুলের রঙ দ্রুত উঠে যেতে দেয় না। প্রথমবার রং করার পর অন্তত ৪৮ ঘণ্টা চুল না ধোয়া ভালো। এতে রঙ চুলে ভালোভাবে সেট হয়।

ঘন ঘন চুল ধোয়া থেকে বিরত থাকুন

Advertisements

রঙ করা চুলে প্রতিদিন শ্যাম্পু করলে রঙ দ্রুত ফিকে হয়ে যায়। সপ্তাহে দুই থেকে তিনবার শ্যাম্পু করাই যথেষ্ট। বাইরে বেশি যাওয়া বা ঘাম হলে ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন। এতে চুল পরিষ্কারও থাকবে। আবার রঙের ক্ষতিও কম হবে।

তেল ব্যবহারকে অবহেলা করবেন না

রং করার ফলে চুল শুষ্ক হয়ে যাওয়ার প্রবণতা বাড়ে। বিশেষ করে চুলের ডগা ফেটে যেতে পারে। তাই সপ্তাহে অন্তত দুদিন হালকা গরম নারকেল তেল, অলিভ অয়েল বা বাদাম তেল দিয়ে গোড়া থেকে আগা পর্যন্ত ম্যাসাজ করুন। এতে চুল পুষ্টি পাবে এবং রুক্ষতা কমবে।

স্টাইলিং যন্ত্র কম ব্যবহার করুন

স্ট্রেটনার, কার্লার বা ব্লো ড্রায়ার রঙ করা চুলের জন্য বেশ ক্ষতিকর। অতিরিক্ত তাপে চুলের আর্দ্রতা নষ্ট হয় এবং রঙও দ্রুত ফিকে হয়ে যায়। বিশেষ প্রয়োজন ছাড়া এসব যন্ত্র এড়িয়ে চলুন। ব্যবহার করতেই হলে অবশ্যই হিট প্রোটেক্টর লাগান।

ঘরোয়া প্যাকের জুড়ি নেই

রঙিন চুলের জন্য নিয়মিত হেয়ার প্যাক ব্যবহার খুবই উপকারী। পাকা কলা ও এক চামচ মধু ভালো করে পেস্ট করে সপ্তাহে এক থেকে দুই দিন চুলে মেখে রাখুন প্রায় ২০ মিনিট। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে চুল হবে মসৃণ, উজ্জ্বল ও প্রাণবন্ত।

সঠিক যত্ন নিলে রঙ করা চুল শুধু সুন্দরই দেখায় না। দীর্ঘদিন থাকে ঝলমলে ও স্বাস্থ্যকর। একটু সচেতন হলেই আপনার রঙিন চুল হয়ে উঠতে পারে আপনার সৌন্দর্যের সবচেয়ে বড় আকর্ষণ।

Advertisements