১৩ সেপ্টেম্বর, ২০২৬ | রবিবারবাংলা: ২৯ ভাদ্র ১৪৩৩
বিবিধ

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, ঝাড়ু হাতে বিএনপির বিক্ষোভ

IMG_4790

জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেওয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নেতাকর্মীরা আবারও দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহজাহান সিরাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন জয় ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম চৌধুরীসহ দলের নেতারা।

সমাবেশে হাজী মো. শাহজাহান সিরাজ রুমিন ফারহানার পরিবারের রাজনৈতিক ইতিহাস নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হিসেবে আখ্যায়িত করেন। তিনি সংসদে দেওয়া রুমিন ফারহানার বক্তব্যের সমালোচনা করে বলেন, বিএনপি সরকারের সমালোচনা করে তিনি মূলত ভারত ও আওয়ামী লীগের স্বার্থে কথা বলেছেন।

তিনি আরও বলেন, গ্যাস-বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন বিষয়ে সংসদে রুমিন ফারহানার দেওয়া বক্তব্য বিএনপি নেতাকর্মীরা প্রত্যাখ্যান করছেন। এ সময় তিনি আশুগঞ্জের মাটিতে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে বিএনপির সমালোচনা করে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।

সংসদে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে গ্যাস-বিদ্যুৎ সংকট, সারের সংকট ও কৃষকের দুর্ভোগ থাকবে না—এমনটা ভাবার কারণ নেই। একই সঙ্গে তিনি বিএনপি ক্ষমতায় এলে দুর্নীতি, ঋণখেলাপি ও বিভিন্ন অর্থনৈতিক সংকট তৈরি হওয়ার আশঙ্কার কথাও তুলে ধরেন।

রুমিন ফারহানার ওই বক্তব্যের প্রতিবাদেই শনিবার আশুগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও ঝাড়ু মিছিল করে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Advertisements