১০ সেপ্টেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ২৬ ভাদ্র ১৪৩৩
জীবনযাপন

করিডর সাজান নিজের মতো করে

7dd547babfe52fcdd3c56333b9ef3347-69327c8c65698

ডিসেম্বর মানেই বছরের শেষ প্রান্তে এসে একটু থেমে দাঁড়ানোর সময়। ছুটি, অবসর আর মন ভালো করা আয়োজনের মাস ডিসেম্বর। এই সময়টাতেই আমরা ভাবি নতুন বছরে ঘরের অন্দরসজ্জায় কী পরিবর্তন আনা যায়। তাই বাড়ির ভেতর-বাইর সবকিছু ঝকঝকে করে তোলার আদর্শ সময় এখনই।

করিডর অনেক সময়ই অবহেলায় পড়ে থাকে। অথচ এটিই ঘরের প্রথম ছাপ। কী দিয়ে সাজাবেন তার ধারণা পেতে চাইলে নেট ঘাঁটতেই পারেন। তবে সাজানোর ধরনটা হোক আপনার নিজের পছন্দের প্রতিফলন। কারও পছন্দ নীল, কারও সাদা, কেউ ভালোবাসেন ক্যাকটাস, কেউ আবার বনসাই। তাই নিজের রুচিকেই গুরুত্ব দিন। সঙ্গে চাইলে কিছু সহজ আইডিয়াও কাজে লাগাতে পারেন।

করিডরের দেয়ালে লাগাতে পারেন পেইন্টিং বা ওয়ালম্যাট। সব ফ্রেম এক মাপের না হলেও সমস্যা নেই। ছোট-বড় নানা আকারের ফ্রেম মিলিয়ে গ্যালারি ওয়াল তৈরি করলে দারুণ দেখায়। সাদা দেয়ালে গাঢ় রঙের ফ্রেম বেশ মানায়। চাইলে নিজের তোলা ছবিও বাঁধাই করে ঝুলিয়ে দিতে পারেন।

দরজার পাশে মাটির বা পিতলের ডেকোরেটিভ টবে লাগাতে পারেন স্নেক প্ল্যান্ট বা মানিপ্ল্যান্ট। দেয়ালে ছোট তাক বসিয়ে সেখানে রাখা যেতে পারে ইনডোর প্ল্যান্ট, ফটোফ্রেম, শোপিস, বই কিংবা টেরাকোটার মুখোশ।করিডরে আলো কম হলে পেনডেন্ট লাইট বা স্ট্যান্ডিং ল্যাম্প বসালে জায়গাটি উজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে। কারুকাজ করা ফ্রেমের আয়নাও লাগাতে পারেন। আয়নার ওপরে বা নিচে হালকা আলো দিলে সৌন্দর্য আরও বেড়ে যাবে।

মেঝেতে শতরঞ্জি বা কার্পেট বিছিয়ে রাখুন। তার ওপর ছোট একটি বেঞ্চ বা ডেকোরেটিভ চেয়ার রাখলে সেখানে বসে আরাম করে জুতা পরা যাবে। প্রয়োজনে কার্পেটের ওপর একটি শু-র‍্যাকও রাখতে পারেন। যার ওপরে রাখা যেতে পারে ফুলদানি বা ছোট কোনো গাছ।অল্প যত্ন আর সঠিক পরিকল্পনাতেই আপনার করিডর হয়ে উঠতে পারে ঘরের অন্যতম সুন্দর অংশ।

Advertisements