অভিজ্ঞতা-ভিত্তিক মার্কেটিং স্ট্র্যাটেজি

আজকের প্রতিযোগিতামূলক দুনিয়ায় শুধু ভালো পণ্য বা সেবা দিলেই গ্রাহকের মন জয় করা যায় না। এখন ব্র্যান্ডকে মনে রাখাতে হলে দরকার ভিন্নধর্মী অভিজ্ঞতা। আর সেখানেই আসছে মাল্টি-সেন্সরি মার্কেটিং বা বহু-সংবেদনশীল বিপণন। এই পদ্ধতিতে মানুষের পাঁচটি ইন্দ্রিয় (দৃষ্টি, শব্দ, গন্ধ, স্পর্শ ও স্বাদ) ব্যবহার করে তৈরি করা হয় স্মরণীয় ব্র্যান্ড অভিজ্ঞতা।
আমরা এমন এক সময় পার করছি যে সময়ে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল কনটেন্ট সর্বত্র। ফলে মানুষের মনোযোগ আকর্ষণ করা কঠিন হয়ে পড়েছে। গবেষণায় দেখা গেছে, একাধিক ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো অভিজ্ঞতা পেলে গ্রাহকেরা সেটি অনেক বেশি মনে রাখেন এবং ব্র্যান্ডের সঙ্গে আবেগগতভাবে যুক্ত হন।
বিশেষজ্ঞরা বলছেন, সুখ ও আনন্দ এখন শুধু ব্যক্তিগত আবেগ নয়। বরং একটি বড় সামাজিক চাহিদা। বিশ্বব্যাপী জরিপে দেখা গেছে, ৬৫% গ্রাহক চান ব্র্যান্ড তাদের প্রচারণার মাধ্যমে আনন্দের অনুভূতি দিক, আর ৪৯% গ্রাহক বেশি আগ্রহী হন সেই ব্র্যান্ডের পণ্যে যে ব্র্যান্ড তাদের আনন্দ দেয়।

কীভাবে কাজ করে এই কৌশল
ব্র্যান্ডগুলো ক্রেতার অভিজ্ঞতাকে সমৃদ্ধ করতে ইন্দ্রিয়গুলোকে নানা কৌশলে কাজে লাগায়। যেমন
– স্টোরে সুগন্ধি ব্যবহার করে মনোরম পরিবেশ তৈরি করা।
– পণ্যগুলোকে এমনভাবে সাজানো যাতে সহজে চোখে পড়ে ও কাছে পাওয়া যায়।
– হালকা মৃদু সংগীত বাজিয়ে ক্রেতাকে স্বাচ্ছন্দ্য দেওয়া।
– দোকানের ভেতরে আকর্ষণীয় রঙ ব্যবহার করে নির্দিষ্ট মেজাজ তৈরি করা।
– বিনামূল্যে নমুনা অফার দিয়ে ক্রেতাকে পণ্য পরীক্ষা করার সুযোগ দেওয়া।
এমনকি ইভেন্ট বা মিটিংয়েও সেন্সরি মার্কেটিং প্রয়োগ করা যায়। যেমন স্বাস্থ্যকর খাবার পরিবেশন, পরিবেশবান্ধব সাজসজ্জা অথবা ইন্টার্যাকটিভ ওয়েবসাইট ও সুন্দর প্যাকেজিং ব্যবহার।
গবেষণায় প্রমাণিত, সংগীত, ভিজ্যুয়াল ও সুগন্ধি ব্যবহার করলে ৯০% ক্রেতা পুনরায় সেই স্টোরে আসতে আগ্রহী হন। আবার খুচরা বাজারে প্রায় ৭৩% গ্রাহক সক্রিয়ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক লক্ষ্য করেন। এটা তাদের কেনাকাটার সিদ্ধান্তে প্রভাব ফেলে।

অতএব আধুনিক ভোক্তারা শুধু পণ্য কিনতে চান না, তারা অভিজ্ঞতাও চান। আর বহু-সংবেদনশীল মার্কেটিং সেই অভিজ্ঞতাকে রঙিন ও প্রাণবন্ত করে তোলে।
ব্র্যান্ডের শক্তি এখন কেবল বিজ্ঞাপনের শব্দে নয়। বরং গ্রাহকের মনে আনন্দ জাগানোর ক্ষমতায়। যারা এই কৌশলকে কাজে লাগাতে পারবে, তারা শুধু বিক্রিই বাড়াবে না। গ্রাহকের মনে দীর্ঘস্থায়ী সম্পর্কও গড়ে তুলবে।


