বাংলাদেশের অন্যতম নারী বিষয়ক ম্যাগাজিনসোমবার, ২৭ জুলাই, ২০২৬
জীবনযাপন

নতুন মানুষের সঙ্গে দেখা করতে যে ৫টি নিয়ম মানতেই হবে

33060729a4f07cdc1fdc52ebc969d87e

নতুন কারও সঙ্গে প্রথম দেখায় উত্তেজনা, কৌতূহল আর খানিকটা ভয়, সবই মিশে থাকে। হয়তো অনেক দিন ধরে কথা হচ্ছে অনলাইনে, হয়তো বন্ধুর মাধ্যমে পরিচয়। এবার সামনাসামনি দেখা করার পালা। তবে মনে রাখবেন, যতই ভালো লাগা হোক। প্রথম দেখায় চোখ বন্ধ করে ভরসা করা ঠিক নয়। নিজের নিরাপত্তাটাই আগে ভাবুন। প্রথম দেখা হতে পারে সম্পর্কের সুন্দর শুরু। আবার সামান্য অসাবধানতায় হয়ে উঠতে পারে ভয়াবহ অভিজ্ঞতা। তাই কিছু সাধারণ সতর্কতা মানলে আপনি যেমন নিরাপদ থাকবেন, তেমনই নিশ্চিন্ত মনে উপভোগ করতে পারবেন নতুন সেই মুহূর্তগুলো।

চলুন জেনে নেওয়া যাক, প্রথম দেখা বা প্রথম ডেটে নিরাপদ থাকার ৫টি সহজ নিয়ম।

নিরিবিলি নয়, জনবহুল জায়গা বেছে নিন – প্রথম দেখা হোক এমন জায়গায়, যেখানে আশপাশে মানুষজন থাকে। যেমন কফিশপ, রেস্তরাঁ, বড় পার্ক বা জনবহুল কোনো ক্যাফে। একান্ত নিরিবিলি জায়গায় গেলে অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন। ভিড়ের মধ্যে দেখা করলে নিরাপত্তাও থাকবে, আর কথাবার্তাও হবে নিশ্চিন্তে।

নিজের অবস্থান কারও সঙ্গে শেয়ার করুন – কোথায় যাচ্ছেন, কার সঙ্গে দেখা করতে যাচ্ছেন, কখন ফিরবেন। এই তথ্যগুলো পরিবার বা কোনো ঘনিষ্ঠ বন্ধুকে জানিয়ে রাখুন। চাইলে মোবাইলের লাইভ লোকেশন অন করে দিতে পারেন। এতে প্রয়োজনে আপনাকে সহজে খুঁজে পাওয়া যাবে। আর নিজের মনেও থাকবে নিশ্চিন্ত ভাব।

Advertisements

নিজের যাতায়াত নিজে করুন – প্রথম দিনই অন্যের গাড়িতে ওঠা বা কারও ওপর নির্ভর করা ঠিক নয়। নিজের গাড়ি, রিকশা বা অ্যাপ ক্যাব ব্যবহার করুন। এতে যাতায়াতের নিয়ন্ত্রণ থাকবে আপনার হাতে। এবং প্রয়োজনে আপনি দ্রুত সরে আসতেও পারবেন। মনে রাখবেন, স্বাধীনভাবে যাওয়া-আসা মানেই নিরাপত্তা।

খাবার বা পানীয়ের দিকে নজর রাখুন – যা খাবেন বা পান করবেন, সেটা নিজের চোখের সামনেই নিন। সম্ভব হলে নিজেই অর্ডার করুন বা কাউন্টার থেকে নিয়ে আসুন। কারও দেওয়া খাবার বা পানীয় না নেওয়াই ভালো। বিশেষ করে যদি অ্যালকোহল থাকে। অল্প অসতর্কতাও বিপদের কারণ হতে পারে।

অস্বস্তি লাগলে দেরি না করে চলে আসুন – প্রথম দেখা মানেই বন্ধুত্ব বা সম্পর্কের বাধ্যবাধকতা নয়। যদি মনে হয়, ব্যক্তিটি আপনাকে অস্বস্তিতে ফেলছে বা আচরণে কিছু অদ্ভুত লাগছে, সঙ্গে সঙ্গে চলে আসুন। নিজের নিরাপত্তা সব কিছুর আগে।

প্রথম দেখা সব সময়ই বিশেষ। কিন্তু সেই বিশেষ মুহূর্তের সৌন্দর্য যেন নিরাপত্তাহীনতার কারণে নষ্ট না হয়। নিজের সুরক্ষার জন্য সামান্য সতর্কতাই দিতে পারে অনেকটা নিশ্চিন্তি। মনে রাখবেন, ভরসা নয়, বুদ্ধিই হোক প্রথম দেখা’র সঙ্গী।

Advertisements