দাঁত না ফেলে কেন রুট ক্যানেল করাবেন

হঠাৎ তীব্র দাঁতব্যথা, রাতে ঘুম ভেঙে যাওয়া এই অভিজ্ঞতা অনেকেরই আছে। তখন অনেকে ভাবেন, দাঁতটা তুলে ফেললেই হয়তো ব্যথা থেকে মুক্তি মিলবে। কিন্তু জানেন কি, দাঁত ফেলে দেওয়া সব সময় সমাধান নয়। বরং আধুনিক চিকিৎসায় এখন বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত দাঁতটি বাঁচানো সম্ভব রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে।
রুট ক্যানেল হলো দাঁতের ভেতরের সংক্রমিত বা নষ্ট অংশ পরিষ্কার করে জীবাণুমুক্ত করার একটি চিকিৎসা। এরপর সেই ফাঁকা জায়গায় বিশেষ উপাদান দিয়ে ভরাট করা হয়। এতে ভবিষ্যতে সংক্রমণ না হয়। এই প্রক্রিয়ায় দাঁতের ব্যথা কমে যায় এবং দাঁত বহু বছর ভালো থাকে।
দাঁত শুধু চিবানোর কাজে নয়, আমাদের মুখের সৌন্দর্য, উচ্চারণ এমনকি আত্মবিশ্বাসের সঙ্গেও গভীরভাবে জড়িত। দাঁত হারালে মুখের গঠন পরিবর্তন হয়, খাবার খেতে সমস্যা হয় আর হাসিতেও প্রভাব পড়ে। অথচ সামান্য যত্ন ও চিকিৎসায় দাঁত রক্ষা করা যায়।

অনেকে মনে করেন, রুট ক্যানেল খুব কষ্টকর বা ব্যয়বহুল। কেউ কেউ আবার বলেন, চিকিৎসার পর দাঁত ভেঙে যায়। আসলে এসব ধারণার বেশিরভাগই ভুল। দক্ষ ও অভিজ্ঞ দন্তচিকিৎসকের কাছে করালে রুট ক্যানেল প্রক্রিয়া প্রায় ব্যথাহীন, নিরাপদ এবং স্থায়ী ফল দেয়। তবে চিকিৎসার পর যদি দাঁতের ওপর সুরক্ষামূলক ক্যাপ বা মুকুট না পরানো হয় তখন দাঁত দুর্বল হয়ে ভেঙে যেতে পারে।
দাঁতে ব্যথা, ঠান্ডা-গরমে শিনশিন করা বা খাবার চিবাতে অসুবিধা হলে দেরি না করে দন্তচিকিৎসকের কাছে যান। এমনকি ব্যথা না থাকলেও বছরে অন্তত একবার দাঁতের পরীক্ষা করা উচিত। কারণ রোগের শুরুতেই ধরা পড়লে সহজ ও কম খরচে চিকিৎসা করা যায়।
দাঁত আমাদের শরীরের অমূল্য সম্পদ। তাই সামান্য ব্যথা বা সংক্রমণের কারণে তা তুলে ফেলার আগে একবার ভেবে দেখুন হয়তো রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে সেই দাঁতটি আরও বহু বছর আপনার সঙ্গেই থাকতে পারে। দাঁত বাঁচান, হাসি বাঁচান।



