ম্যানগ্রোভের রাজ্য সুন্দরবন

নদী-মোহনার পাশে ছড়িয়ে থাকা এক বিস্তৃত সবুজ বন যেখানে গাছের শ্বাসমূল পানির ওপর ভেসে থাকে, আর বন্য প্রাণীরা ঘুরে বেড়ায় স্বাধীনভাবে। রহস্যময়, শান্ত আর প্রাণে ভরা এই বনভূমিতে ঢুকলেই মনে হয়, প্রকৃতির সঙ্গে এক নীরব কথোপকথন শুরু হয়েছে। এটি যেন প্রকৃতির গড়ে তোলা এক সুন্দর মায়াময় আশ্রয়স্থল। এটাই পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বাংলাদেশের গর্ব, সুন্দরবন।

খুলনা কিংবা বাগেরহাট থেকে নৌকায় চড়ে যাত্রা শুরু করলে প্রথমেই চোখে পড়ে পানির ওপর হেলে পড়া গাছের সারি। কখনো তারা যেন একে অপরকে জড়িয়ে ধরে রেখেছে, আবার কখনো নির্জন দাঁড়িয়ে প্রহরীর মতো। বনের মধ্যে প্রবেশ করলেই চারপাশে শুধু জল, সবুজ আর নিস্তব্ধতা। একেকটা খাল এমনভাবে ছড়িয়ে আছে, যেন এক জটিল ছক কেটে রেখেছে সুন্দরবনের শরীরে। আর তার বুকেই বাস করে কত অজানা জীববৈচিত্র্য, যাদের সঙ্গে আমাদের পরিচয় খুবই কম। জালের মতো ছড়িয়ে থাকা খালঘাটে ভেসে বেড়ায় ডলফিন, কাঁকড়া আর চিংড়ি। কেউ কেউ মাছ ধরছেন বড়শি ফেলে, আবার কোথাও হয়তো মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা। মাঝে মাঝে শোনা যায় হরিণের হালকা ডাক, কিংবা শিকারের খোঁজে চলাফেরা করা রয়েল বেঙ্গল টাইগারের গর্জন। হ্যাঁ, পৃথিবীর একমাত্র প্রাকৃতিক আবাসস্থল যেখানে এই রহস্যময় প্রাণী খোলা মনে বিচরণ করে সেটি আমাদের সুন্দরবন।
সুন্দরবনের গাছগুলো কোন সাধারণ গাছ নয়। এগুলো হল শ্বাসমূলীয় বৃক্ষ, যাদের মূল মাটি চিরে উঠে এসেছে ওপরে, যেন পানির নিচে থেকেও নিঃশ্বাস নেওয়ার আয়োজন করে রেখেছে প্রকৃতি। কেওড়া, সুন্দরী, গেওয়া, ধুন্দল কিংবা গোলপাতার বন দেখতে দেখতে বোঝা যায়, এখানে গাছও যুদ্ধ করে বেঁচে থাকে। এই বন শুধু টিকে থাকেই না, বরং ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস বা ভূমিক্ষয়ের মতো দুর্যোগ থেকে আমাদের উপকূলীয় জনপদকে নিরবতায় রক্ষা করে চলে।
সিডর বা আইলার মতো দুর্যোগে যখন উপকূল লণ্ডভণ্ড, তখনো সুন্দরবনের সেই সবুজ বেষ্টনী বুক চিতিয়ে দাঁড়িয়ে থেকেছে। আর এখানেই বোঝা যায়, একটি বনভূমি কেবল প্রকৃতির শোভা নয় এটি এক জীবন্ত প্রতিরক্ষা ব্যবস্থা।

সুন্দরবনের ম্যানগ্রোভ শুধু গাছ নয়, এটি প্রাণবৈচিত্র্যের এক অভয়ারণ্য। ডলফিন, কুমির, বাঘ, হরিণ, বনবিড়াল, বানর কিংবা হাজারো পাখির বসবাস এই বনে। এছাড়া আছে অগণিত সামুদ্রিক মাছ, কাঁকড়া, চিংড়ি যারা এই অঞ্চলের মানুষের জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মাছের ডিম পাড়ার জন্য ম্যানগ্রোভ বন আদর্শ জায়গা, ফলে এখানকার জলজ সম্পদও টিকে থাকে দীর্ঘকাল। জেলেদের কাছে এটি শুধু খাদ্য বা আয় নয়; এটি এক আশীর্বাদ।
আধুনিক গবেষণা বলছে, ম্যানগ্রোভ বন অন্যান্য যেকোনো বনাঞ্চলের তুলনায় অনেক বেশি পরিমাণে কার্বন শোষণ করতে সক্ষম। সুন্দরবনের ম্যানগ্রোভ গাছগুলো বছরে প্রতি হেক্টরে গড়ে ১৭০ টন পর্যন্ত কার্বন ডাই-অক্সাইড শোষণ করতে পারে। এর মানে হলো, জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে এই বন আমাদের অন্যতম সহযোদ্ধা। তাই তো একে বলা হয় “ব্লু কার্বন” সংরক্ষণের অন্যতম ঘাঁটি।
মানবসৃষ্ট কারণে, যেমন- চিংড়িঘের নির্মাণ, নদী দূষণ, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প, প্লাস্টিকের ব্যবহার সব মিলিয়ে এই অমূল্য বনভূমি আজ হুমকির মুখে। শুধু বাংলাদেশ নয়, মিয়ানমার, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের মতো দেশেও ম্যানগ্রোভ বন অপ্রতিরোধ্যভাবে ধ্বংস হচ্ছে। বিগত কয়েক দশকে পৃথিবীর প্রায় ২০-৩৫ শতাংশ ম্যানগ্রোভ হারিয়ে গেছে।
সুন্দরবনে যাওয়া মানে কেবল প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ নয়, এটি এক আত্মসচেতন যাত্রা। এখানে এসে বোঝা যায়, প্রকৃতি কতটা জটিল, ভারসাম্যপূর্ণ এবং সংবেদনশীল।
তাই ভ্রমণের পাশাপাশি চাই সচেতনতা। শুধু ছবি তুলে বা ঘুরে ফেরা নয়, সুন্দরবনের জন্য কিছু করা। স্থানীয় মানুষদের জীবিকার সঙ্গে মানানসই পরিকল্পনা, টেকসই পর্যটন ব্যবস্থা, বন ব্যবস্থাপনায় স্থানীয়দের সম্পৃক্ততা এবং পরিবেশবান্ধব নীতির বাস্তবায়ন এসবই পারে এই রক্ষাকবচকে দীর্ঘমেয়াদে টিকিয়ে রাখতে।
সুন্দরবন শুধু একটি বন নয়, এটি আমাদের অস্তিত্বের প্রহরী। নদী আর লবণাক্ত পানির মাঝে দাঁড়িয়ে থাকা সেই সবুজ প্রাচীর যার কারণে বাংলাদেশ বহুবার রক্ষা পেয়েছে প্রকৃতির রোষানল থেকে। আমাদের ভবিষ্যৎ, আমাদের নিঃশ্বাস, আমাদের জীবিকা সবই ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই ম্যানগ্রোভের সঙ্গে।



