ঝর্ণা-ট্রেইল-নদীপথেও নিষেধাজ্ঞা, বন্ধ বান্দরবানের সব পর্যটন স্পট

টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট ঝুঁকির মুখে পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে এ সময় জেলার সব ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে জেলা প্রশাসক সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণের ফলে বান্দরবানের বিভিন্ন এলাকায় পাহাড় ধস, সড়ক যোগাযোগ ব্যাহত হওয়া এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে জেলার বিভিন্ন পর্যটন স্পট ও দুর্গম এলাকায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেছে। বিদ্যমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি বিবেচনায় নিয়ে জননিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্রের পাশাপাশি ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম অঞ্চল ও অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে কোনো পর্যটক, ট্যুর অপারেটর বা সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না।
এ ছাড়া স্থানীয় বাসিন্দা, পর্যটক, ভ্রমণপিপাসু এবং সংশ্লিষ্ট ট্যুর অপারেটরদের জেলা প্রশাসনের নির্দেশনা মেনে চলার পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

টানা বর্ষণের কারণে ইতোমধ্যে জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সাঙ্গু নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় থানচি উপজেলার কয়েকটি এলাকায় নৌযান চলাচল ব্যাহত হয়েছে এবং শতাধিক পর্যটক আটকা পড়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের বান্দরবানে ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।



