কলকাতার চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা

কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতেছে বাংলাদেশের দুটি সিনেমা। সেরা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে ‘বিমল রায় গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে পিপলু আর খানের পরিচালনায় ‘জয়া আর শারমিন’। একই উৎসবে প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’ পেয়েছে মকবুল চৌধুরী পরিচালিত ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’।
ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ অব ইন্ডিয়ার (এফএফএসআই) পূর্বাঞ্চল শাখার আয়োজনে কলকাতার নন্দন-৩ প্রেক্ষাগৃহে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রোববার সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে পুরস্কার ঘোষণা করা হয়।
পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে ১৯টি ছবির মধ্যে সেরা নির্বাচিত হয়েছে ‘জয়া আর শারমিন’। ছবিটি পরিচালনা করেছেন পিপলু আর খান।
ছবিটির প্রযোজক আবু শাহেদ ইমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুরস্কার পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। চলচ্চিত্র সমালোচক, নির্মাতা ও দর্শকদের ইতিবাচক সাড়াকে তিনি ছবিটির জন্য গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন।
পূর্ণদৈর্ঘ্য বিভাগে দ্বিতীয় সেরা ছবির ‘বিমল রায় সিলভার অ্যাওয়ার্ড’ পেয়েছে ভারতের অসমিয়া ভাষার চলচ্চিত্র ‘রিভার টেলস’। ছবিটি পরিচালনা করেছেন পঙ্কজ বরা। এ বিভাগে জুরি মেনশন পেয়েছে শ্রীলঙ্কার ‘প্যানট্রাম’।
প্রামাণ্যচিত্র বিভাগে বিচারকদের বিশেষ স্বীকৃতি ‘জুরি মেনশন’ পেয়েছে বাংলাদেশের ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’। ছবিটি পরিচালনা করেছেন মকবুল চৌধুরী।
এই বিভাগে সেরা প্রামাণ্যচিত্রের ‘হরিসাধন দাশগুপ্ত গোল্ডেন অ্যাওয়ার্ড’ পেয়েছে রণজিৎ রায় পরিচালিত ‘ডলস ডোন্ট ডাই: পুতুলনামা’। দ্বিতীয় সেরা প্রামাণ্যচিত্রের পুরস্কার পেয়েছে দীপ ভূঞা পরিচালিত ‘রিভার স্টিল ফ্লোজ’।
ছয় দিনের এই উৎসবে মোট ৩৮টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ইরান, স্পেন, জার্মানি, কোস্টারিকা, পর্তুগাল, ব্রাজিল, ভেনেজুয়েলা ও উজবেকিস্তানের চলচ্চিত্র এতে অংশ নেয়।
মহামারির সময়ের লকডাউনকে পটভূমি করে নির্মিত ৮৬ মিনিটের বাংলা ভাষার মনস্তাত্ত্বিক চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’। ছবির গল্প আবর্তিত হয়েছে অভিনেত্রী জয়া ও তাঁর গৃহকর্মী শারমিনকে ঘিরে।
একই ছাদের নিচে আটকে থাকা দুই নারীর নিঃসঙ্গতা, পরস্পরের ওপর মানসিক নির্ভরতা এবং তাঁদের সম্পর্কের মধ্যে থাকা শ্রেণি ও ক্ষমতার ব্যবধান উঠে এসেছে চলচ্চিত্রটিতে।
জয়া চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান এবং শারমিনের চরিত্রে অভিনয় করেছেন মঞ্চাভিনেত্রী মহসিনা আক্তার। আবু শাহেদ ইমন, জয়া আহসান ও পিপলু আর খান যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছেন।



