২৮ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিপিএনে ‘দার-ই-নিজাত’ দেখছেন ভারতীয় দর্শক

image_355016_1795838372

ভারতে পাকিস্তানি নাটক ও বিনোদনমূলক কনটেন্ট প্রচারে নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে দেশটির জনপ্রিয় নাটক দেখছেন অনেক ভারতীয় দর্শক। কেউ ভিপিএন ব্যবহার করে অনলাইনে নাটক দেখছেন, আবার কেউ আয়োজন করছেন ব্যক্তিগত প্রদর্শনীর। বিশেষ করে পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ নিয়ে ভারতীয় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, নয়াদিল্লির সাংস্কৃতিক আয়োজক ও কিউরেটর আবু সুফিয়ান খান সম্প্রতি নাটকটির একটি ব্যক্তিগত প্রদর্শনীর আয়োজন করেন। সেখানে সর্বোচ্চ ৪৫ জন দর্শকের বসার ব্যবস্থা থাকলেও অংশ নিতে আগ্রহ প্রকাশ করেন ৭০০ জনের বেশি মানুষ।

নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। ইনস্টাগ্রামে এর বিভিন্ন দৃশ্যের ক্লিপ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে আবু বকর চরিত্রটি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। বেঙ্গালুরুর বাসিন্দা রাখশান্দা মুজিবের মতে, চরিত্রটির মানুষের প্রতি সহমর্মিতা দর্শকদের আকৃষ্ট করছে। নাটকটির ভক্তদের মধ্যে ‘সবর কা ফল নেহি, আবু বকর চাহিয়ে’ সংলাপটিও বেশ জনপ্রিয় হয়েছে।

তবে নাটকটির প্রদর্শনী আয়োজন করতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে আয়োজকদের। বেঙ্গালুরুতে পোস্টার দেখে কর্তৃপক্ষ আপত্তি জানানোর পর অন্তত দুটি প্রদর্শনী বাতিল করতে হয়েছে। তারপরও ব্যক্তিগত উদ্যোগে নাটকটি দেখার আয়োজন অব্যাহত রয়েছে।

আবু সুফিয়ান খানের ভাষ্য, ভারতে বসে পাকিস্তানি শিল্পীদের সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা কিংবা ইউটিউব ও স্পটিফাইয়ে তাদের কনটেন্ট উপভোগ করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে অনেক দর্শক ভিপিএন ও প্রক্সি ব্যবহার করছেন। ভিপিএন পর্যালোচনাকারী প্রতিষ্ঠান টপটেনভিপিএনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৮ মে ভারতে ভিপিএন অনুসন্ধানের হার ৭২ শতাংশ বেড়েছিল।

গত এক দশকে পাকিস্তানি শিল্পীদের ওপর ভারতের বিধিনিষেধ আরও বিস্তৃত হয়েছে। ২০২৫ সালের এপ্রিলে পহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর দুই দেশের সম্পর্কের আরও অবনতি ঘটে। ভারত হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে। পরবর্তী সময়ে চার দিনের সংঘাতের অবসান ঘটে যুদ্ধবিরতির মাধ্যমে। এরপর ভারতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে পাকিস্তানি গান, সিনেমা ও নাটকের প্রচার আরও সীমিত করা হয়।

Advertisements

ভারতের তথ্যপ্রযুক্তি আইনের ৬৯এ ধারা অনুযায়ী, সরকার অনলাইন কনটেন্ট বন্ধের নির্দেশ দিতে পারে। ইউটিউবও পাকিস্তানি চ্যানেলের বিভিন্ন কনটেন্ট ভারতে দেখার সুযোগ সীমিত করেছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেও বিকল্প উপায়ে এসব অনুষ্ঠান দেখছেন দর্শকরা। ডাউনলোড করা নাটক ভারতীয় অ্যাকাউন্ট থেকেও পুনরায় আপলোড করা হচ্ছে।

পাকিস্তানি টেলিভিশন চ্যানেল এআরওয়াই ডিজিটালের প্রধান জেরজিস সেজারের দাবি, তাদের চ্যানেলগুলোর মোট দর্শকের ৩০ থেকে ৩৫ শতাংশই ভারতীয়। তাঁর মতে, কনটেন্ট দেখা কঠিন করা সম্ভব হলেও পুরোপুরি বন্ধ করা কঠিন।

এর আগেও পাকিস্তানি নাটক ‘তেরে বিন’ ও ‘কভি ম্যায়, কভি তুম’ ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। পাকিস্তানি নির্মাতা মেহরিন জব্বার জানিয়েছেন, ভারতীয় দর্শকরা তাঁর নির্মিত ‘ডক্টর বাহু’, ‘জ্যাকসন হাইটস’ ও ‘দাম’ নাটক নিয়েও নিয়মিত যোগাযোগ করেন।

সংশ্লিষ্টদের মতে, দুই দেশের সংস্কৃতির মিল, নাটকের নির্মাণমান এবং ইসলামকে ভিন্নভাবে উপস্থাপনের বিষয়গুলো ভারতীয় দর্শকদের আকৃষ্ট করছে। দিল্লির নীতিবিশ্লেষক ঐশ্বরিয়া ভার্মার মতে, পাকিস্তানি বিনোদনমূলক কনটেন্টের প্রতি আগ্রহ ভারতীয় দর্শকদের সামনে নতুন সাংস্কৃতিক অভিজ্ঞতার সুযোগ তৈরি করছে। একই সঙ্গে দুই দেশের মানুষের মধ্যে প্রচলিত কিছু পূর্বধারণা ভাঙতেও ভূমিকা রাখছে এসব অনুষ্ঠান।

পাকিস্তানে ভারতের সাবেক হাইকমিশনার অজয় বিসারিয়ার মতে, সাংস্কৃতিক কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা খুব একটা কার্যকর হয় না। পাকিস্তানেও দীর্ঘদিন ভারতীয় সিনেমা নিষিদ্ধ থাকলেও পাইরেটেড ক্যাসেটের মাধ্যমে বলিউডের সিনেমা দর্শকদের কাছে পৌঁছেছে।

তাঁর মতে, রাজনৈতিক বৈরিতা সত্ত্বেও সংস্কৃতি দুই দেশের মানুষের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম।

সূত্র: আলজাজিরা

Advertisements