রাজশাহীতে খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে নকল গুড়, স্বাস্থ্যঝুঁকিতে ক্রেতারা

রাজশাহীর চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলায় খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে বিপুল পরিমাণ নকল খেজুরের গুড়। স্থানীয়ভাবে গড়ে ওঠা দেড় শতাধিক কারখানায় চিটাগুড়, অপরিশোধিত চিনি, আটা, কাপড়ের রং, রাসায়নিক পদার্থ ও কৃত্রিম ফ্লেভার মিশিয়ে তৈরি করা হচ্ছে এসব ভেজাল গুড়।
জানা গেছে, প্রতিটি কারখানায় প্রতিদিন ২০০ থেকে ৩০০ কেজি পর্যন্ত গুড় উৎপাদন করা হচ্ছে। পরে এসব গুড় দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হচ্ছে। এতে একদিকে প্রতারিত হচ্ছেন সাধারণ ক্রেতারা, অন্যদিকে ক্ষুণ্ন হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম।
প্রকৃত খেজুরের গুড়ের উৎপাদন কমে গেলেও বাজারে বাড়ছে নকল গুড়ের সরবরাহ। ইতোমধ্যে ভেজাল গুড় তৈরির অভিযোগে কয়েকজন ব্যবসায়ীকে জরিমানাও করেছে প্রশাসন।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, রাসায়নিক ও ক্ষতিকর উপাদান মিশ্রিত গুড় খেলে ডায়রিয়া, আলসারসহ পেটের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘদিন এসব উপাদান গ্রহণ করলে কিডনি, লিভার ও হৃদ্যন্ত্রের ক্ষতির আশঙ্কাও রয়েছে।
এ পরিস্থিতিতে ভেজাল গুড় উৎপাদন ও বাজারজাত বন্ধে সংশ্লিষ্ট কারখানাগুলোর বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার আশ্বাস দিয়েছে প্রশাসন।
রাজশাহীর ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের সুনাম রক্ষা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজালবিরোধী অভিযান জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।



