২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে প্রয়াত নির্মাতা মাতিয়া বানু শুকু

f7344cdc-4c0d-4941-98c5-19db7ed21e01

দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে না ফেরার দেশে চলে গেলেন নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা মাতিয়া বানু শুকু। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

মাতিয়া বানু শুকু ভাষাসৈনিক আবদুল মতিনের জ্যেষ্ঠ কন্যা। তিনি নির্মাতা নুরুল আলম আতিকের স্ত্রী। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এরশাদুল হক টিংকু। তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে চিকিৎসকেরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এক বছরেরও বেশি সময় আগে মাতিয়া বানু শুকুর শরীরে ক্যান্সার শনাক্ত হয়। এরপর থেকে চলছিল চিকিৎসা। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। পরে সেখান থেকে প্যালিয়েটিভ কেয়ারে স্থানান্তর করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মৃত্যুবরণ করেন তিনি।

দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন নাটক ও চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন মাতিয়া বানু শুকু। তার সৃষ্টিকর্মে উঠে এসেছে মধ্যবিত্ত মানুষের জীবনসংগ্রাম, সামাজিক বাস্তবতা ও চারপাশের নানা পরিচিত গল্প। নাট্যকার ও পরিচালক হিসেবে তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘লাল মোরগের ঝুঁটি’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এ ছাড়া ‘গোল্লাছুট’, ‘যেখানে সীমান্ত তোমার’ ও ‘প্রজ্ঞা পারমিতা’র মতো দর্শকপ্রিয় টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক রচনা এবং পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন এই গুণী নির্মাতা।

মাতিয়া বানু শুকুর শেষ বিদায়ের কর্মসূচি সম্পর্কে এরশাদুল হক টিংকু জানান, শুক্রবার ভোর ৬টায় তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১০টা পর্যন্ত সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়।

Advertisements

পরে সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে নেওয়া হবে। জুমার নামাজের পর সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে উত্তরার ১২ নম্বর সেক্টর কবরস্থানে তাকে দাফন করা হবে।

Advertisements