২৮ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

সেন্টমার্টিনে চিংড়ি খাওয়ার পর অসুস্থ হয়ে পর্যটকের মৃত্যু

Boat resting on a beach on St. Martins Island, Bangladesh

কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণে গিয়ে ‘চিংড়ি মাছ খাওয়ার পর’ অসুস্থ হয়ে প্রাণ হারিয়েছেন মোহাম্মদ ইব্রাহিম (২২) নামে এক পর্যটক।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। খাবারের সময় চিংড়ি মাছ খাওয়ার পরই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ইব্রাহিম নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাঝিপাড়া এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন বাজারের একটি হোটেলে খাবার খাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় চিংড়ি খাওয়ার পর হঠাৎ অস্থিরতা ও শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে দ্রুত তাকে দ্বীপের ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়।

সেন্টমার্টিন হাসপাতালের চিকিৎসক জাহিদুর রহমান জানান, ইব্রাহিমকে হাসপাতালে নেওয়ার পর প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার সঙ্গে থাকা ব্যক্তিরা চিকিৎসকদের জানিয়েছেন, আগে থেকেই অ্যানাফাইল্যাক্টিক শক বা তীব্র অ্যালার্জিজনিত শকের সমস্যা ছিল তার। অবস্থার অবনতি বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য তাকে টেকনাফে পাঠানোর পরামর্শ দেওয়া হয়।

পরে বিকেল ৩টার দিকে স্পিডবোটে করে ইব্রাহিমকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৪টা ২০ মিনিটে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

Advertisements

ইব্রাহিমের বন্ধু মো. শিয়াম জানান, তিন বন্ধু মিলে সেন্টমার্টিনে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু আনন্দভ্রমণ শেষে বন্ধুর মরদেহ নিয়ে ফিরতে হবে, এমন পরিস্থিতির কথা তারা কল্পনাও করেননি।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, ভ্রমণে এসে একজন পর্যটকের এভাবে মৃত্যু হওয়া অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Advertisements