গোপনীয়তা ভেঙে বিয়ের ছবি প্রকাশ, মিমির পাত্র কে?

কয়েক দিন ধরে চলা নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের একাধিক ছবি প্রকাশ করে নিজেই সুখবরটি জানিয়েছেন অভিনেত্রী।
প্রকাশিত ছবিগুলোর কোনোটিতে বরকে বিয়ের নথিতে স্বাক্ষর করতে, আবার কোনোটিতে কনেকে আংটি পরিয়ে দিতে দেখা গেছে। একটি ছবিতে দুজনকে পরস্পরের কাছাকাছি দাঁড়িয়ে বিশেষ মুহূর্ত উদযাপন করতেও দেখা যায়। যদিও ছবিগুলোতে নিজেদের মুখ স্পষ্টভাবে প্রকাশ করেননি নবদম্পতি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মিমির বিয়ের কয়েকটি ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। ছবিতে বিয়ের কাগজে স্বাক্ষর ও আংটি বদলের দৃশ্য দেখে অভিনেত্রীর বিয়ের খবর নিয়ে আলোচনা শুরু হয়। এবার নিজের পোস্টের মাধ্যমে সেই খবরের সত্যতা নিশ্চিত করলেন তিনি।
বিয়ের অনুষ্ঠানে মিমির পোশাকেও ছিল ভিন্নধর্মী আয়োজন। প্রচলিত লাল বা উজ্জ্বল রঙের বিয়ের পোশাকের পরিবর্তে অফ-হোয়াইট রঙের কারুকাজ করা পোশাক বেছে নেন অভিনেত্রী। পোশাকের হাতা ও গলায় ছিল সোনালি জরির পাশাপাশি মুক্তার নকশা। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন আইভরি রঙের পাঞ্জাবি, যাতে ছিল সোনালি কারুকাজ।
অলংকারের ক্ষেত্রে মিমির সাজে দেখা গেছে পান্না ও সোনালি ঝুমকো, মুক্তা-সোনার ভারী বালা এবং চুলে সোনালি ও সবুজ পাথরের সাজ। ফুল দিয়ে সাজানো বিয়ের আয়োজনেও ছিল নান্দনিকতার ছাপ। ছবিতে দুজনকে আংটি বদলের সময় কপালে কপাল ঠেকিয়ে থাকতে দেখা যায়।
সিদ্ধার্থ দত্ত বিনোদনজগতের সঙ্গে সরাসরি যুক্ত নন। পেশায় তিনি একজন মেরিন ইঞ্জিনিয়ার। তবে তার পরিবারের সঙ্গে কলকাতার অভিনয়জগতের সম্পর্ক রয়েছে। সিদ্ধার্থের বড় ভাইয়ের স্ত্রী বাংলা টেলিভিশনের পরিচিত অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। এত দিন মিমি ও ত্রমিলার সম্পর্ক ছিল বন্ধুত্বের, বিয়ের পর সেই সম্পর্ক নতুন পারিবারিক বন্ধনে যুক্ত হলো।

বিয়ের সব আয়োজনের প্রস্তুতি মিমি ও সিদ্ধার্থ নিজেরাই নিয়েছেন বলে জানা গেছে। আইনি বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নিজের পোষ্য কুকুর ‘চিকু জুনিয়র’কে কোলে নিয়েই বাড়ি ফেরেন অভিনেত্রী। পশুপ্রেমী হিসেবে পরিচিত মিমি জীবনের বিশেষ দিনেও প্রিয় পোষ্যকে সঙ্গে রেখেছেন।
দুই পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে সম্পন্ন হয় বাগ্দান ও আইনি বিয়ের আয়োজন। অনুষ্ঠান শেষে বাইরে অপেক্ষমাণ সাংবাদিক ও আলোকচিত্রীদের সঙ্গেও কথা বলেন মিমি। গাড়িতে ওঠার আগে হাসিমুখে হাত নেড়ে তাদের ধন্যবাদ জানান। উপস্থিত সংবাদকর্মীদের জন্য মিষ্টিও পাঠান অভিনেত্রী।
আইনি বিয়ের পর আগামী সপ্তাহে উত্তরবঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে মিমি ও সিদ্ধার্থের। আগামী ৫ ডিসেম্বর তাদের সাত পাকে বাঁধা পড়ার কথা রয়েছে। এ উপলক্ষে ৩ ডিসেম্বর থেকে কালিম্পংয়ে শুরু হবে প্রাক্-বিয়ের আয়োজন। এরপর কলকাতায় ফিরে ১২ ডিসেম্বর টালিউডের বন্ধু ও সহকর্মীদের নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করবেন অভিনেত্রী।



