২৮ নভেম্বর, ২০২৬ | শনিবারবাংলা: ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলাদেশ

টানা তিন দফায় বাড়ল সোনার দাম, ভরি ছাড়াল ২ লাখ টাকা

IMG_8132

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। টানা তৃতীয় দফায় দাম বাড়িয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন করে ভরিতে ২ হাজার ৬২৪ টাকা বাড়ানো হয়েছে। এর আগে গত ২৬ ও ২৭ নভেম্বর দুই দফায় ভরিতে ১ হাজার ৫০ টাকা করে দাম বাড়ানো হয়েছিল।

শনিবার (২৮ নভেম্বর) সকালে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন নির্ধারিত দাম অনুসারে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ১ হাজার ৫৫৪ টাকা। আগের দিন এই দাম ছিল ১ লাখ ৯৮ হাজার ৯৩০ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯২ হাজার ৫১৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৫ হাজার ৩৩৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩৪ হাজার ৭৭৮ টাকা।

সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৩ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।

বাজুস জানিয়েছে, গয়নার নকশা অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। নির্ধারিত দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো গয়না বদলের ক্ষেত্রে ৯ শতাংশ এবং বিক্রির ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ দিতে হবে। তবে এ ক্ষেত্রেও আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।

Advertisements

পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন নির্ধারিত দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।

Advertisements