আফগানিস্তানে সরকারি নথিতে নারীদের নাম নিষিদ্ধ, পরিচয় দিতে ব্যবহৃত হচ্ছে ‘বিবি’

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে সরকারি নথিতে নারীদের নাম উল্লেখ নিষিদ্ধ করেছে তালেবান প্রশাসন। শুধু সরকারি কাগজপত্র নয়, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও হাসপাতালের নথিতেও নারীদের প্রকৃত নাম ব্যবহার করা যাবে না বলে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবর্তে নারীদের পরিচয় বোঝাতে ব্যবহার করা হচ্ছে ‘বিবি’, ‘দাদি’ এমনকি পশুর নামও।
স্প্যানিশ সংবাদমাধ্যম এল পাইসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নতুন নির্দেশনায় সরকারি কর্মকর্তা ও স্বাস্থ্যকর্মীদের নারীদের নাম ধরে সম্বোধন করতেও নিষেধ করা হয়েছে। আফগান অধিকারকর্মী লালা ওসমানি এই চর্চাকে নারীদের মানবিক মর্যাদা ও ব্যক্তিগত পরিচয় কেড়ে নেওয়ার প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া হিসেবে বর্ণনা করেছেন।
এল পাইসকে তিনি বলেন, ‘একজন মানুষের মানবিক পরিচয় কেড়ে নেওয়ার প্রথম পদক্ষেপ হলো তার নাম কেড়ে নেওয়া।’
এই নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবায়ও গুরুতর জটিলতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একাধিক নারীর চিকিৎসাসংক্রান্ত নথিতে একই ধরনের পরিচয় ব্যবহার করা হলে রোগী শনাক্তে বিভ্রান্তি তৈরি হতে পারে। এতে ভুল চিকিৎসা কিংবা ভুল ওষুধ দেওয়ার ঝুঁকিও বাড়বে।
উল্লেখ্য, সরকারি নথিতে নারীদের নাম অন্তর্ভুক্তির দাবিতে ২০১৭ সালে ‘হোয়্যার ইজ মাই নেম’ প্রচারাভিযান শুরু করেছিলেন লালা ওসমানি। তাঁর আন্দোলনের ধারাবাহিকতায় ২০২০ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের জন্মসনদে মায়ের নাম যুক্ত করার সুযোগ তৈরি হয়েছিল।
কিন্তু ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও জনজীবনে অংশগ্রহণের ওপর ধারাবাহিকভাবে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ফেমেনার আফগানিস্তান কর্মসূচির পরিচালক জুবাইদা আকবর আশঙ্কা করছেন, বালখ প্রদেশে জারি করা এই নির্দেশনা ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলও ছড়িয়ে পড়তে পারে। কারণ, অতীতেও তালেবান বিভিন্ন এলাকায় বিধিনিষেধ জারি করে পরবর্তী সময়ে তা দেশব্যাপী কার্যকর করেছে।
আফগান সাংবাদিক খাদিজা আমিনের অভিজ্ঞতাও বিষয়টির ভয়াবহতা তুলে ধরেছে। বর্তমানে স্পেনে নির্বাসিত জীবন কাটানো এই সাংবাদিক সন্তানদের সঙ্গে দেখা করার অধিকার নিয়ে জার্মান পুলিশের কাছে অভিযোগ জানাতে গিয়ে সমস্যায় পড়েন। কারণ, সন্তানদের জন্মসনদে তাঁকে মা হিসেবে শনাক্ত করার মতো কোনো তথ্য ছিল না।
লালা ওসমানির ভাষায়, ‘আফগানিস্তানে কোনো নারীকে তাঁর আসল নামে ডাকাও এখন একধরনের প্রতিরোধ।’
এল পাইসের প্রতিবেদনে বলা হয়েছে, নারীদের নাম ও পরিচয় মুছে ফেলার এ ধরনের বিধিনিষেধ তাঁদের ব্যক্তিগত অধিকার প্রতিষ্ঠা, সামাজিক মর্যাদা রক্ষা এবং জরুরি স্বাস্থ্যসেবা পাওয়ার পথ আরও কঠিন করে তুলতে পারে।
সূত্র: এল পাইস



