২৭ নভেম্বর, ২০২৬ | শুক্রবারবাংলা: ১২ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

নতুন জাতীয় রেকর্ড গড়ে ভারতে রৌপ্য জিতলেন স্বপ্না

Shopna-Khatun

ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরে অনুষ্ঠিত বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটে দারুণ সাফল্য পেয়েছেন বাংলাদেশের অ্যাথলেট স্বপ্না খাতুন। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে নারীদের ট্রিপল জাম্পে নতুন জাতীয় রেকর্ড গড়ে রৌপ্য পদক অর্জন করেছেন তিনি।

ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে পঞ্চম প্রচেষ্টায় ১৩.২২ মিটার লাফিয়ে দ্বিতীয় স্থান নিশ্চিত করেন স্বপ্না। এর মধ্য দিয়ে নিজের পাশাপাশি দেশের জন্যও নতুন জাতীয় রেকর্ড গড়েন তিনি। মাত্র ০.০২ মিটার ব্যবধানে স্বর্ণপদক জয়ের সুযোগ হাতছাড়া হয় তার।

স্বপ্নার আগে প্রথম প্রচেষ্টায় ১২.৫০ মিটার, তৃতীয় প্রচেষ্টায় ১২.৭৯ মিটার এবং চতুর্থ প্রচেষ্টায় ১২.৮৯ মিটার লাফান তিনি। তবে দ্বিতীয় ও ষষ্ঠ প্রচেষ্টায় ফাউল করেন বাংলাদেশের এই অ্যাথলেট।

এই ইভেন্টে ১৩.২৪ মিটার লাফিয়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের সাধনা রবি। শেষ তথা ষষ্ঠ প্রচেষ্টায় এই দূরত্ব অতিক্রম করে স্বপ্নাকে পেছনে ফেলেন তিনি। অন্যদিকে ১২.৯৬ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছেন শ্রীলঙ্কার এল এস ডব্লিউ আরাচ্চি।

এর আগে প্রতিযোগিতার প্রথম দিন নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ পদক জিতেছিলেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন তিনি। একই ইভেন্টে বাংলাদেশের আরেক প্রতিযোগী রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম স্থান অর্জন করেন।

১০০ মিটার স্প্রিন্টে ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জেতেন ভারতের মিরিথিকা টি। ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক পান শ্রীলঙ্কার কে রিসানসা হিরুপামা।

Advertisements

আজ শেষ হওয়ার কথা রয়েছে বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিকস মিটের।

Advertisements