২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩
এডিটরস পিক

দুই কামরার ঘরে প্রতিদিন ২০ হাজার কদম অম্বিকার, পাঁচ মাসে কমালেন ১৪ কেজি

IMG_8053

ওজন কমাতে জিমে যাওয়া কিংবা দামি ট্রেডমিল কেনা জরুরি নয়। নিজের দুই কামরার ফ্ল্যাটে নিয়মিত হাঁটাহাঁটি করেই ১৪ কেজি ওজন কমিয়েছেন ভারতের নেটপ্রভাবী অম্বিকা সাগর। প্রতিদিন ২০ হাজার পা হাঁটার লক্ষ্য পূরণ করে মাত্র পাঁচ মাসে ৯০ কেজি থেকে নিজের ওজন ৭৬ কেজিতে নামিয়ে এনেছেন তিনি।

সমাজমাধ্যমে নিজের ওজন কমানোর অভিজ্ঞতা ও পরিবর্তনের ছবি শেয়ার করেছেন অম্বিকা। এক সাক্ষাৎকারেও জানিয়েছেন, প্রতিদিনের হাঁটার লক্ষ্য পূরণ করতে তিনি নিজের ফ্ল্যাটকেই বেছে নিয়েছিলেন। এ জন্য কোনো ট্রেডমিল, ওয়াকিং প্যাড কিংবা জিমের প্রয়োজন হয়নি। ঘরের মধ্যেই নিয়মিত হাঁটাহাঁটি করে পূরণ করতেন ২০ হাজার পা হাঁটার লক্ষ্য।

নিজের পরিবর্তনের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে অম্বিকা লিখেছেন, একই টি-শার্টে ধরা পড়েছে তার জীবনের দুই ভিন্ন সময়ের চিত্র। পাঁচ মাস আগের নিজের সঙ্গে বর্তমানের পার্থক্য দেখে নিজেই অবাক তিনি। শুধু ওজন কমানোই নয়, এই পরিবর্তনের সঙ্গে বেড়েছে তার আত্মবিশ্বাস এবং নিজের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গিও।

অম্বিকার মতে, এই যাত্রায় সবচেয়ে বেশি কাজে এসেছে নিয়ম মেনে চলা, শৃঙ্খলা, ধৈর্য এবং নিজের প্রতি দায়বদ্ধতা। তবে শুধু হাঁটাহাঁটির ওপর নির্ভর করেননি তিনি। খাবারের দিকেও রেখেছেন বিশেষ নজর। সচেতনভাবে খাবার নির্বাচন, পরিমাণ নিয়ন্ত্রণ এবং শরীরের প্রয়োজনের তুলনায় কম ক্যালোরি গ্রহণের অভ্যাস গড়ে তুলেছিলেন।

অম্বিকার ভাষ্য, ওজন কমানোর কোনো শর্টকাট নেই। এ জন্য না খেয়ে থাকারও প্রয়োজন নেই। বরং নিয়ম মেনে চলা এবং জীবনযাপনে ছোট ছোট পরিবর্তন আনাই গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত হাঁটাহাঁটি শরীরের জন্য উপকারী একটি শারীরিক কার্যক্রম। এটি পায়ের পেশি শক্তিশালী করতে, হৃদ্‌যন্ত্রের সুস্থতা বজায় রাখতে এবং অতিরিক্ত ক্যালোরি খরচে সহায়তা করে। ওজন কমানোর ক্ষেত্রে খাবারের মাধ্যমে গ্রহণ করা ক্যালোরির তুলনায় বেশি ক্যালোরি খরচ করা গুরুত্বপূর্ণ। তাই নিয়মিত দ্রুতগতিতে হাঁটা এবং সুষম খাদ্যাভ্যাস ওজন নিয়ন্ত্রণে সহায়ক হতে পারে।

Advertisements
Advertisements