২৬ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবারবাংলা: ১১ অগ্রহায়ণ ১৪৩৩
বিনোদন

এখনো আইসিইউতে অভিনেতা মামুনুর রশীদ

IMG_8050

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বরেণ্য অভিনেতা ও নাট্যজন মামুনুর রশীদ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে একটি হাসপাতাল থেকে রাজধানীর অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন এই অভিনেতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনই তাকে কেবিনে নেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে অভিনেতার শারীরিক অবস্থার বিষয়ে ঢাকা পোস্টকে এসব তথ্য জানান তার বোন আফিয়া খান।

তিনি জানান, আগের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুনুর রশীদের অক্সিজেন স্যাচুরেশন আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল। অক্সিজেন সাপোর্ট দেওয়ার পরও তা ৮০ শতাংশে নেমে আসে। পরে চিকিৎসকদের একটি বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে। দিনভর আলোচনার পর রাতে তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

হাসপাতাল পরিবর্তনের কারণ হিসেবে আফিয়া খান জানান, আগের হাসপাতালে একই ওয়ার্ডে একাধিক রোগী থাকায় মামুনুর রশীদ সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন না। এ কারণে নতুন হাসপাতালে নেওয়া হয় তাকে।

বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে আফিয়া খান বলেন, নতুন হাসপাতালে চিকিৎসা শুরুর পর তার অক্সিজেন স্যাচুরেশন বাড়তে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসকদের কাছ থেকে তিনি জানতে পেরেছেন, অভিনেতার অক্সিজেন স্যাচুরেশন ৯৮ শতাংশে পৌঁছেছে।

তিনি আরও জানান, আগে মামুনুর রশীদের ফুসফুসের অবস্থা বেশ খারাপ ছিল। তবে নতুন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর চিকিৎসকেরা শারীরিক অবস্থায় কিছুটা উন্নতির কথা জানিয়েছেন। তারপরও আপাতত তাকে আইসিইউতেই রাখা হচ্ছে। কবে নাগাদ কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে, সে বিষয়ে এখনো কিছু জানাননি চিকিৎসকেরা।

Advertisements

এদিকে প্রিয় অভিনেতার দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বোন আফিয়া খান।

Advertisements