২০ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ৪ কার্তিক ১৪৩৩
এডিটরস পিক

‘অফিস চকলেট ডে’: সহকর্মীদের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগাভাগি করে নেওয়ার দিন আজ

IMG_6439

পরিবার কিংবা বন্ধুদের বাইরে দিনের সবচেয়ে বেশি সময় যাদের সঙ্গে কাটানো হয়, তারা হলেন সহকর্মী। প্রতিদিনের ফাইলের স্তূপ আর ডেডলাইনের মানসিক চাপ দূর করতে কাজের ফাঁকে সহকর্মীর সঙ্গে এক কাপ চা কিংবা কফি মুহূর্তেই মনটা চাঙ্গা করে দেয়। 

এই পেশাদার সম্পর্কটাকে আরও মধুর ও প্রাণবন্ত করে তোলার দিন আজ- ‘অফিস চকলেট ডে’ বা সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন।

সহকর্মীদের সঙ্গে পেশাদার গণ্ডির বাইরেও একটি সুন্দর ও আন্তরিক সম্পর্ক তৈরি করার সুযোগ এনে দেয় দিবসটি। কর্মক্ষেত্রে এটি ইতিবাচক শক্তি ও পারস্পরিক সৌহার্দ্য বাড়াতেও ভূমিকা রাখে। বিজ্ঞানও বলে, ডার্ক চকলেট স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে এবং তাৎক্ষণিকভাবে মন ভালো করতে কার্যকরী।

অফিসে কাজের চাপ, বসের তাড়া, ইনবক্সভর্তি ই-মেইল আর একের পর এক বৈঠক- সব মিলিয়ে অনেক সময় কর্মজীবন হয়ে ওঠে একঘেয়ে। এমন সময়ে সহকর্মীর দেওয়া ছোট্ট একটি চকলেটও মুখে হাসি ফোটাতে পারে। একইসঙ্গে এটি সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতা প্রকাশের সহজ মাধ্যম হতে পারে।

বিভিন্ন অনলাইন দিবসপঞ্জি সূত্রে জানা যায়, প্রতি বছর ২০ অক্টোবর দিনটি ‘অফিস চকলেট ডে’ হিসেবে উদযাপিত হয়। আনুষ্ঠানিকভাবে কোনো সংস্থা দিবসটির ঘোষণা না দিলেও কর্মক্ষেত্রের একঘেয়েমি কাটাতে ও ইতিবাচক পরিবেশ তৈরি করতে বিশ্বব্যাপী এটি বেশ জনপ্রিয়।

দিবসটি উদযাপনের জন্য বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। সহকর্মীদের জন্য এক বাক্স চকলেট, কয়েকটি মাফিন কিংবা একটি কেক নিয়ে গেলেই তৈরি হতে পারে আনন্দঘন পরিবেশ। চাইলে দুপুরের বিরতিতে সবাই মিলে পছন্দের চকলেট ভাগাভাগি করে খাওয়া ও আড্ডার আয়োজনও করা যায়।

Advertisements

এছাড়া সহকর্মীদের চকলেট পার্টির প্রস্তাব দিতে পারেন। দুপুরের বিরতিতে সবাই মিলে পছন্দের চকলেট নিয়ে আড্ডা দিতে পারেন। তাতে পার্টি হবে, আবার আড্ডাও হবে। চাইলে বেছে নিতে পারেন ডার্ক চকলেট, মিল্ক চকলেট। তবে চকোলেট খেতে খেতে কাজের কথা ভুলে গেলে চলবে না। না হলে টেবিলে ফাইল জমে স্তূপ হয়ে যাবে।

দিনটির মূল বার্তা হলো, কর্মক্ষেত্রে দায়িত্ব ও ব্যস্ততার পাশাপাশি আনন্দ, আন্তরিকতা এবং পারস্পরিক সহযোগিতারও গুরুত্ব রয়েছে। কারণ, সব সমস্যার সমাধান চকলেটে না হলেও এক টুকরো চকলেট ব্যস্ত দিনের ক্লান্তি কিছুটা কমিয়ে দিতে পারে। কাজের চাপ থাকুক, তবু সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া একটু আনন্দ দিনটিকে করে তুলতে পারে আরও মিষ্টি।

Advertisements