৫৭ বছর ধরে চা শ্রমিকদের ভরসার নাম ‘রাধা ডাক্তার’

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের অসহায় ও দরিদ্র শ্রমিকদের কাছে নির্ভরতার আরেক নাম রাধেশ্যাম কৈরী। স্থানীয়দের কাছে তিনি পরিচিত ‘রাধা ডাক্তার’ নামে। দীর্ঘ ৫৭ বছর ধরে বাগানের নারী, পুরুষ ও শিশুদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন এই পল্লিচিকিৎসক। অর্থের চেয়ে মানুষের সেবাকেই প্রাধান্য দিয়ে তিনি হয়ে উঠেছেন চা বাগানের মানুষের আপনজন।
বাগানে কলেরা, ডায়রিয়া, ম্যালেরিয়া কিংবা জলবসন্তের প্রাদুর্ভাব দেখা দিলে দিন-রাতের তোয়াক্কা করেন না রাধেশ্যাম। হারিকেন কিংবা টর্চ হাতে পাহাড়-টিলা ও জঙ্গল পেরিয়ে ছুটে যান অসুস্থ শ্রমিকদের বাড়িতে। রোগীর নাড়ি পরীক্ষা এবং উপসর্গ শুনে রোগ নির্ণয়ের ক্ষেত্রে দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগান তিনি।
চিকিৎসাসেবা দেওয়ার বিনিময়ে রোগীরা খুশি হয়ে তাকে ১০ থেকে ২০ টাকা দেন। কখনো সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ফি পান। তবে যাদের আর্থিক সামর্থ্য নেই, তাদের বিনামূল্যেই চিকিৎসা করেন তিনি। আর জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের পাঠিয়ে দেন উপজেলা কিংবা জেলা সদরের বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে।
চা শ্রমিক প্রণতি কর, শেফালী কর ও সঞ্জয় দাসের কাছে রাধা ডাক্তার শুধু একজন চিকিৎসক নন, বরং পরিবারেরই একজন। তাদের ভাষায়, তিনি বাগানের মানুষের প্রাণের মানুষ।
বিসমিল্লাহ ফার্মেসির স্বত্বাধিকারী হাসান মাহমুদ জানান, করোনাকালে যখন ভয়ে অনেকেই ঘর থেকে বের হতেন না, তখনো রাধেশ্যাম গভীর রাত পর্যন্ত শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসাসেবা দিয়েছেন।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লসমন কৈরী বলেন, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে রাধেশ্যামের রোগ নির্ণয়ের দক্ষতা অনেক সময় বিশেষজ্ঞ চিকিৎসকদেরও বিস্মিত করে।
দীর্ঘ কর্মজীবনে অর্থের মোহকে পেছনে ফেলে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন রাধেশ্যাম কৈরী। ৫৭ বছরের নিরলস সেবায় তিনি এখন কালিটি চা বাগানের মানুষের কাছে মানবিকতা ও নির্ভরতার এক অনন্য দৃষ্টান্ত।



