প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ বলে সরি, সিরাজগঞ্জে ভাইরাল বিলবোর্ড

প্রেমিকার মান-অভিমান ভাঙাতে ফুল, চিঠি কিংবা উপহার দেওয়ার প্রচলন রয়েছে। তবে এবার ভালোবাসার মানুষের অভিমান ভাঙাতে একেবারে ভিন্ন কাণ্ড ঘটিয়েছেন সিরাজগঞ্জের এক যুবক। প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন তিনি। এ জন্য শহরে টাঙানো হয়েছে একটি ব্যতিক্রমী ব্যানার, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে বিষয়টি সামনে আসে। তবে ব্যানারটি কে বা কারা টাঙিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ব্যানারে লেখা বার্তা অনুযায়ী, প্রেমিক নিজেকে ‘গরু’ এবং প্রেমিকাকে ‘পোল্ট্রি মুরগি’ সম্বোধন করে সরি বলেছেন। ভালোবাসার মানুষের কাছে ক্ষমা চাওয়ার এমন অদ্ভুত ও হাস্যরসাত্মক কায়দা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা।
বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এমন উদ্যোগকে ভালোবাসার মজার প্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ বিষয়টি নিয়ে করছেন রসিকতা।
আসিফ আহমেদ দিগন্ত নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ভালোবাসায় অভিমান ও ভুল বোঝাবুঝি থাকবেই। আবার সেই অভিমান ভাঙানোর চেষ্টাও থাকবে। তার মতে, এটাই ভালোবাসার সৌন্দর্য।
অন্যদিকে শাহারিয়ার মোর্শেদ খান মন্তব্য করেছেন, এমন ভালোবাসার গরু আর অভিমানী মুরগিতে ভরে উঠুক সিরাজগঞ্জ। প্রেম ও মান-অভিমান থাকুক, ভালোবাসায় থাকুক শহরটি।
সব মিলিয়ে প্রেমিকের এমন ব্যতিক্রমী ক্ষমা চাওয়ার কৌশল এখন সিরাজগঞ্জের গণ্ডি পেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোচনার জন্ম দিয়েছে।



