সন্তান হারানোর পর শেষ সম্বল দুই গরুও কেড়ে নিল চোরের

সন্তান হারানোর শোক আর চিকিৎসার ঋণের বোঝা কাটিয়ে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখেছিলেন শিমু বেগম (২৯)। অনেক আশা নিয়ে কিনেছিলেন দুটি গাভি। কিন্তু সেই শেষ সম্বলটুকুও রক্ষা হলো না। চোরেরা গোয়ালঘর থেকে গাভি দুটি নিয়ে যাওয়ায় আবারও নিঃস্ব হয়ে পড়েছেন তিনি।
ঘটনাটি ঘটেছে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নের উডির টেক এলাকায়। বুধবার (২৫ নভেম্বর) রাতে ওই এলাকার তিন খামারির মোট পাঁচটি গরু চুরি হয়েছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বছর অসুস্থ ছেলেসন্তানের চিকিৎসার জন্য পরিচিতজনদের কাছ থেকে টাকা ধার করেছিলেন শিমু। শিশুটিকে বাঁচাতে টানা চার মাস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রেখেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। সন্তান হারানোর বেদনার পাশাপাশি চিকিৎসার ঋণের বোঝাও বহন করতে হচ্ছিল তাকে।
এ অবস্থায় ঘুরে দাঁড়ানোর আশায় দুটি গাভি কিনে লালন-পালন শুরু করেন শিমু। কিন্তু বুধবার রাতে চোরেরা তার গোয়ালঘর থেকে গাভি দুটি নিয়ে যায়। এতে জীবিকার শেষ অবলম্বনটুকুও হারিয়ে ফেলেছেন তিনি।
একই রাতে ওই এলাকার আরেক খামারি আতাব উদ্দিন হাদীর দুটি গাভি এবং মাহতাব উদ্দিন হাদীর একটি ষাঁড় চুরি হয়েছে। সব মিলিয়ে তিন খামারির পাঁচটি গরু নিয়ে গেছে চোরেরা।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ করিম খান জানিয়েছেন, চুরি হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ কাজ করছে। এ ছাড়া বিভিন্ন স্থানে খবর পাঠানো হয়েছে।
এদিকে এলাকায় একের পর এক গরু চুরির ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও খামারিরা। চুরি ঠেকাতে রাতে পুলিশের টহল জোরদার এবং এলাকার নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।



