মানসিক চাপ কমানোর সহজ উপায় ১০ মিনিটের ধ্যান

ছুটে চলা জীবনে থামার সময় কোথায়? সকাল শুরু হয় কাজের তাড়াহুড়োয়, দিন কাটে দায়িত্ব আর নানা চিন্তায়। তার ওপর মুঠোফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও পর্দার অবিরাম ব্যস্ততা। দিনের শেষে শরীর হয়তো বিশ্রাম পায়, কিন্তু মন থেকে যায় অস্থির। দুশ্চিন্তা, উদ্বেগ, মনোযোগের ঘাটতি কিংবা ঘুমের সমস্যাও তখন নিত্যসঙ্গী হয়ে উঠতে পারে।
এই ব্যস্ততার মাঝেই নিজের জন্য মাত্র ১০ মিনিট সময় বের করে নেওয়া যেতে পারে। না, এর জন্য কোথাও যেতে হবে না, বিশেষ কোনো সরঞ্জামও লাগবে না। প্রয়োজন শুধু একটু নিরিবিলি সময় আর নিজের শ্বাস-প্রশ্বাসের প্রতি মনোযোগ। এটিই ধ্যানের সহজ চর্চা।
ধ্যান মানেই কি কঠিন কোনো অনুশীলন?
ধ্যান নিয়ে অনেকের মনে একটি ধারণা আছে—এর জন্য বিশেষ ভঙ্গিতে বসতে হয়, দীর্ঘ সময় চোখ বন্ধ রাখতে হয় কিংবা কঠিন কোনো নিয়ম মেনে চলতে হয়। বাস্তবে বিষয়টি অনেক সহজ। ধ্যানের মূল উদ্দেশ্য হলো মনকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনা। আরাম করে বসে ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়ার দিকে মনোযোগ দেওয়া দিয়েই শুরু করা যায়। মাথায় নানা চিন্তা আসতেই পারে। সেগুলো জোর করে থামানোর প্রয়োজন নেই। বরং চিন্তা এলে সেটিকে যেতে দিয়ে আবার নিজের শ্বাসের দিকে মন ফেরানোই হলো অনুশীলনের অংশ।
তাই ব্যস্ত কর্মজীবী, শিক্ষার্থী কিংবা ঘরের নানা দায়িত্বে থাকা মানুষ—যে কেউ নিজের সুবিধামতো কয়েক মিনিট সময় নিয়ে ধ্যান করতে পারেন।
অল্প সময়ের অভ্যাস, বড় পরিবর্তনের শুরু
ধ্যানের জন্য ঘণ্টার পর ঘণ্টা সময় দেওয়ার প্রয়োজন নেই। নিয়মিত অল্প সময়ের অনুশীলনই ধীরে ধীরে অভ্যাসে পরিণত হতে পারে। ২০২৫ সালে প্রকাশিত একটি গবেষণায় মাইন্ডফুলনেসভিত্তিক ধ্যান মানসিক চাপ, উদ্বেগ ও বিষণ্নতার উপসর্গ কমাতে সহায়ক হতে পারে বলে উঠে এসেছে। ধ্যানের সময় মানুষ যখন নিজের শ্বাস-প্রশ্বাস ও বর্তমান মুহূর্তের প্রতি মনোযোগ দেন, তখন দৈনন্দিন ব্যস্ততা থেকে সাময়িক বিরতি পাওয়া যায়। এই বিরতি মনকে কিছুটা স্থির হতে সাহায্য করে। নিয়মিত অনুশীলনের ফলে নিজের চিন্তা ও আবেগ সম্পর্কে সচেতন হওয়ার সুযোগও তৈরি হয়।
দিনের শুরুতেই কেন ১০ মিনিট?
সকালের সময়টুকু অনেকের কাছেই দিনের সবচেয়ে শান্ত সময়। ঘুম থেকে ওঠার পর দিনের কাজ শুরু করার আগে কয়েক মিনিট ধ্যান করলে দিনটিকে একটু ধীর ও সচেতনভাবে শুরু করা সম্ভব।
সকালের এই ছোট্ট বিরতিতে নিজের শ্বাসের দিকে মনোযোগ দেওয়া, শরীরের অনুভূতি খেয়াল করা কিংবা কয়েক মিনিট নীরবে বসে থাকা মনকে দিনের ব্যস্ততার জন্য প্রস্তুত করতে সাহায্য করতে পারে। তবে সকালেই করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। দিনের যে সময়টিতে নিজের জন্য নিয়মিত কয়েক মিনিট বের করা সম্ভব, সেটিই হতে পারে ধ্যানের উপযুক্ত সময়।
মনোযোগ হারাচ্ছেন? ধ্যান হতে পারে অনুশীলনের একটি উপায়
এক কাজে মন বসাতে না পারা, বারবার মুঠোফোনের দিকে তাকানো কিংবা পড়াশোনা বা কাজের মাঝেই অন্য চিন্তায় হারিয়ে যাওয়া—বর্তমান সময়ে অনেকেরই পরিচিত অভিজ্ঞতা। মানসিক চাপ ও অতিরিক্ত ব্যস্ততা এই অস্থিরতাকে আরও বাড়িয়ে দিতে পারে।
ধ্যানের অন্যতম উদ্দেশ্যই হলো মনকে বারবার একটি নির্দিষ্ট বিষয়ের দিকে ফিরিয়ে আনার অনুশীলন করা। শ্বাসের দিকে মনোযোগ দিতে গিয়ে মন অন্যদিকে চলে গেলে আবার সেটিকে ফিরিয়ে আনা হয়। নিয়মিত এই অনুশীলন মনোযোগ ধরে রাখার সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। ফলে পড়াশোনা, কাজ কিংবা দৈনন্দিন বিভিন্ন কাজে একাগ্রতা ধরে রাখা তুলনামূলক সহজ হতে পারে।
শুরুটা হোক আজ থেকেই
ধ্যানের জন্য নিখুঁত পরিবেশের অপেক্ষায় থাকার দরকার নেই। একটি শান্ত জায়গায় আরাম করে বসুন। চোখ বন্ধ করতে পারেন, আবার খোলা রেখেও অনুশীলন করা যায়। ধীরে শ্বাস নিন, ধীরে ছাড়ুন। কয়েক মিনিট শুধু শ্বাসের ওঠানামা অনুভব করুন।
মাঝে অন্য চিন্তা আসবে—এটাই স্বাভাবিক। নিজেকে দোষ না দিয়ে আবার মনোযোগ ফিরিয়ে আনুন শ্বাসের দিকে। প্রথম দিন ১০ মিনিট কঠিন মনে হলে আরও কম সময় দিয়ে শুরু করাও যায়। মূল বিষয় হলো নিয়মিত থাকা।
মানসিক চাপ এক দিনে তৈরি হয় না, তাই একদিন ধ্যান করলেই সব দুশ্চিন্তা দূর হয়ে যাবে—এমন প্রত্যাশাও ঠিক নয়। তবে প্রতিদিনের ব্যস্ততার মধ্যে নিজের জন্য ১০ মিনিটের এই বিরতি হতে পারে মনকে একটু থামানোর সুযোগ। কখনো কখনো সুস্থ থাকার জন্য বড় কোনো পরিবর্তনের চেয়ে এমন ছোট একটি অভ্যাসই হয়ে উঠতে পারে গুরুত্বপূর্ণ শুরু।



