ছয় বছর পর মঞ্চে ফিরেই কাঁদলেন সেলিন ডিওন

ছয় বছরের দীর্ঘ অপেক্ষা। তারপর আবার আলো ঝলমলে মঞ্চ, সামনে হাজারো দর্শক আর হাতে মাইক্রোফোন। সেই মুহূর্তে আর নিজেকে ধরে রাখতে পারলেন না সেলিন ডিওন। প্যারিসের মঞ্চে পূর্ণাঙ্গ লাইভ কনসার্টে ফেরার পর আবেগে চোখের পানি মুছতে দেখা গেল বিশ্বখ্যাত কানাডিয়ান এই শিল্পীকে। তবে কান্না তাকে থামাতে পারেনি। কিছুক্ষণ পরই গান ধরলেন, নাচলেন, আর দর্শকদের কণ্ঠও মিশে গেল তার গানে।
২০২২ সালে নিজের অসুস্থতার কথা প্রকাশ্যে জানিয়েছিলেন সেলিন ডিওন। তিনি জানান, বিরল স্নায়ুরোগ ‘স্টিফ পারসন সিনড্রোমে’ আক্রান্ত হয়েছেন। রোগটির কারণে শরীরে পেশির শক্ত হয়ে যাওয়া ও খিঁচুনির মতো সমস্যা দেখা দেয়। এর প্রভাব পড়ে তার গান গাওয়া ও দৈনন্দিন কাজেও। এরপর চিকিৎসা, থেরাপি আর দীর্ঘ পুনর্বাসনের মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে।

সেই কঠিন সময় পেরিয়ে অবশেষে আবার পূর্ণাঙ্গ কনসার্টে ফিরলেন সেলিন। প্যারিসের প্লেনিটিউড অ্যারেনায় তার প্রত্যাবর্তনের মুহূর্তটি যেন হয়ে উঠেছিল শিল্পী ও দর্শকের আবেগের এক মিলনস্থল। মঞ্চে উঠে শুরুতেই কিছুক্ষণের জন্য থেমে যান তিনি। চোখে তখন আনন্দ, স্বস্তি আর দীর্ঘ লড়াই পেরিয়ে ফিরে আসার আবেগ।
এরপর মাইক্রোফোন দর্শকদের দিকে বাড়িয়ে দেন সেলিন। মুহূর্তেই পুরো অ্যারেনা ভরে ওঠে হাজারো কণ্ঠে। মনে হচ্ছিল, এতদিন পর শুধু একজন শিল্পী নন—তার সঙ্গে মঞ্চে ফিরেছে তার গানও।
কনসার্টে একে একে পরিবেশন করেন তার জনপ্রিয় গান ‘অল বাই মাইসেলফ’, ‘দ্য পাওয়ার অব লাভ’ এবং ‘মাই হার্ট উইল গো অন’। প্রতিটি গানের সঙ্গে বাড়তে থাকে দর্শকদের উচ্ছ্বাস। বিশেষ করে ‘মাই হার্ট উইল গো অন’ পরিবেশনের সময় আবেগ আরও তীব্র হয়ে ওঠে।
সেলিন ডিওনের এই প্রত্যাবর্তন শুধু একটি কনসার্টে ফেরা নয়, বরং দীর্ঘ অসুস্থতার পর নিজের প্রিয় জায়গায় ফিরে আসার গল্প। শারীরিক সীমাবদ্ধতা, অনিশ্চয়তা আর দীর্ঘ চিকিৎসার মধ্যেও তিনি মঞ্চের স্বপ্নটাকে হারিয়ে যেতে দেননি।
দর্শকদের কাছেও তাই রাতটি ছিল অন্যরকম। বহুদিন পর প্রিয় শিল্পীকে সামনে থেকে গান গাইতে দেখে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। সেলিনের চোখের জল, তার গান আর দর্শকদের সম্মিলিত কণ্ঠ—সব মিলিয়ে প্যারিসের সেই রাত হয়ে রইল প্রত্যাবর্তনের এক স্মরণীয় মুহূর্ত।
দীর্ঘ বিরতির পর সেলিন ডিওন যেন আবারও মনে করিয়ে দিলেন—কখনো কখনো মঞ্চে ফিরে আসাটাই হয়ে ওঠে সবচেয়ে বড় বিজয়ের গান।



