‘মাদার ম/নস্টার’ থেকে নতুন অধ্যায়ে ‘মা’ লেডি গাগা

বিশ্বজুড়ে ভক্তদের কাছে তিনি ‘মাদার মনস্টার’। সংগীত, অভিনয় আর নিজস্ব ফ্যাশন স্টেটমেন্টে বরাবরই আলোচনার কেন্দ্রে থাকা মার্কিন পপ তারকা লেডি গাগার জীবনে এবার যুক্ত হলো এক নতুন পরিচয়—মা।
৪০ বছর বয়সী এই গ্র্যামি অ্যাওয়ার্ডজয়ী তারকা ও তাঁর বাগদত্তা মাইকেল পোলানস্কি প্রথম সন্তানের বাবা-মা হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম পিপল ডটকম। যদিও গাগা বা পোলানস্কির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে সন্তানের জন্মের ঘোষণা দেওয়া হয়নি।

তবে সম্প্রতি উত্তর ক্যালিফোর্নিয়ায় সন্তানকে নিয়ে দেখা গেছে এই জুটিকে। পেজ সিক্স-এর প্রতিবেদন অনুযায়ী, হাঁটতে বের হওয়ার সময় গাগার বুকে জড়িয়ে ছিল তাঁদের সন্তান। প্রকাশ্যে সন্তানের সঙ্গে এটাই গাগা ও পোলানস্কির প্রথম উপস্থিতি বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই সেই দৃশ্য নজর কেড়েছে ভক্তদের।
নতুন অতিথিকে ঘিরে অবশ্য এখনো বেশ গোপনীয়তা বজায় রেখেছেন এই তারকা দম্পতি। সন্তানের নাম, লিঙ্গ কিংবা জন্মতারিখ—কোনো তথ্যই প্রকাশ্যে আনেননি তাঁরা। ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন গাগা ও পোলানস্কি। তাই মাতৃত্বের এই নতুন অধ্যায়ও তাঁরা নিজেদের মতো করেই উদ্যাপন করছেন বলে ধারণা করা হচ্ছে।

লেডি গাগা ও মাইকেল পোলানস্কির সম্পর্কের শুরু ২০১৯ সালের দিকে। পরের বছর তাঁদের প্রেমের খবর প্রকাশ্যে আসে। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৪ সালে গাগাকে বিয়ের প্রস্তাব দেন পোলানস্কি। এরপর থেকেই তাঁদের বাগদানের খবর ছিল ভক্তদের আগ্রহের কেন্দ্রে।
পোলানস্কির আগে ক্রিশ্চিয়ান ক্যারিনোর সঙ্গেও সম্পর্কে ছিলেন গাগা। তাঁদের বাগদান হলেও ২০১৯ সালে সেই সম্পর্কের ইতি ঘটে। এরপর মাইকেল পোলানস্কির সঙ্গে নতুন সম্পর্কে জড়ান এই গায়িকা।
মাতৃত্বের ইচ্ছার কথাও এর আগে একাধিকবার প্রকাশ্যে জানিয়েছিলেন লেডি গাগা। দীর্ঘদিনের সেই আকাঙ্ক্ষা এবার যেন বাস্তব রূপ পেল। মঞ্চের আলো, খ্যাতি আর ব্যস্ততার বাইরে জীবনের সবচেয়ে ব্যক্তিগত ও আবেগঘন অধ্যায়ে পা রাখলেন ‘মাদার মনস্টার’—এবার সত্যিই তিনি এক সন্তানের মা।



