তারিখ মনে না থাকলেও পুরোনো ছবি খুঁজে দেবে গুগল ফটোসের ম্যাপ ভিউ

স্মার্টফোনে নিয়মিত ছবি ও ভিডিও ধারণ করলে কয়েক বছরের মধ্যেই গ্যালারিতে জমে যায় হাজার হাজার ফাইল। এর মধ্যে হঠাৎ কোনো পুরোনো ছবি প্রয়োজন হলে সেটি খুঁজে বের করা বেশ ঝামেলার হয়ে দাঁড়ায়। বিশেষ করে ছবিটি কবে তোলা হয়েছিল তা মনে না থাকলে দীর্ঘ সময় ধরে গ্যালারি স্ক্রল করতে হয়।
তবে গুগল ফটোসের ‘ম্যাপ ভিউ’ ফিচার ব্যবহার করে এই ঝামেলা অনেকটাই কমানো সম্ভব। ছবির তারিখ বা ফাইলের নাম মনে না থাকলেও শুধু কোথায় ছবিটি তোলা হয়েছিল, সেই তথ্য জানা থাকলেই পুরোনো ছবি খুঁজে বের করা যায়।

জায়গার নাম মনে থাকলেই খুঁজে পাবেন ছবি
ধরা যাক, কয়েক বছর আগে দার্জিলিং ভ্রমণের সময় কিছু ছবি তুলেছিলেন। ছবিগুলো ঠিক কোন দিনে তোলা হয়েছিল তা মনে না থাকলেও গুগল ফটোসের ম্যাপ ভিউয়ে দার্জিলিংয়ের অবস্থান নির্বাচন করে ওই এলাকার সঙ্গে যুক্ত ছবি ও ভিডিওগুলো দেখা যাবে।
অর্থাৎ তারিখের পরিবর্তে ছবির অবস্থানকে কাজে লাগিয়েই পুরোনো ছবি খুঁজে বের করা সম্ভব।
কীভাবে ছবির অবস্থান শনাক্ত করে গুগল ফটোস?
ছবি তোলার সময় ফোনের জিপিএস বা লোকেশন সেবা চালু থাকলে সেই অবস্থানের তথ্য ছবির সঙ্গে সংরক্ষিত হতে পারে। পরবর্তী সময়ে গুগল ফটোস সেই তথ্য ব্যবহার করে ছবিগুলোকে নির্দিষ্ট স্থানের সঙ্গে যুক্ত করে।
কিছু ক্ষেত্রে ছবি তোলার সময় লোকেশন বন্ধ থাকলেও লোকেশন হিস্টোরিসহ অন্যান্য সংরক্ষিত তথ্যের ভিত্তিতে ছবির অবস্থান অনুমান করতে পারে গুগল ফটোস। তবে এ সুবিধা ফোন, গুগল অ্যাকাউন্ট এবং সংশ্লিষ্ট লোকেশন সেটিংসের ওপর নির্ভর করে।

হিট ম্যাপে বোঝা যাবে কোথায় বেশি ছবি তুলেছেন
ম্যাপ ভিউয়ের অন্যতম সুবিধা হলো ‘হিট ম্যাপ’। এর মাধ্যমে কোন কোন এলাকায় তুলনামূলক বেশি ছবি তোলা হয়েছে, তা সহজেই বোঝা যায়।
বাড়ি, অফিস কিংবা নিয়মিত যাতায়াতের জায়গায় বেশি ছবি তুললে মানচিত্রে সেসব এলাকার উপস্থিতি আরও স্পষ্টভাবে দেখা যেতে পারে।
যেভাবে ব্যবহার করবেন ম্যাপ ভিউ
গুগল ফটোসের হালনাগাদ সংস্করণে ম্যাপ ভিউ ব্যবহার করা যায়। এ জন্য ম্যাপে কাঙ্ক্ষিত স্থান নির্বাচন করে সেখানে ট্যাপ করতে হবে। এরপর ওই এলাকার সঙ্গে সম্পর্কিত সংরক্ষিত ছবি ও ভিডিওগুলো দেখা যাবে।
কয়েক বছরের পুরোনো ছবিও খুঁজে পাওয়া সম্ভব
দীর্ঘদিনের ছবি ও ভিডিওর লাইব্রেরি থাকলে ম্যাপ ভিউ বিশেষভাবে কাজে আসতে পারে। বিশেষ করে ভ্রমণের সময় তোলা ছবি খুঁজতে এটি বেশ সুবিধাজনক।
কারণ অনেক সময় ছবি তোলার সঠিক তারিখ বা ফাইলের নাম মনে না থাকলেও কোন জায়গায় গিয়েছিলেন, তা মনে থাকে। তাই গ্যালারিতে ঘণ্টার পর ঘণ্টা স্ক্রল করার পরিবর্তে লোকেশন তথ্য সংরক্ষিত থাকলে গুগল ফটোসের ম্যাপ ভিউ ব্যবহার করে কয়েক বছরের পুরোনো ছবিও তুলনামূলক দ্রুত খুঁজে বের করা সম্ভব।



