৮ সেপ্টেম্বর, ২০২৬ | মঙ্গলবারবাংলা: ২৪ ভাদ্র ১৪৩৩
বিনোদন

নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি টাকার মানহানির মামলা

1766246370_nora

চার্টার্ড বিমানকে ‘খেলনা’ বা ‘লেগো বিমান’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে আইনি জটিলতায় পড়েছেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। বিমান সংস্থার মানহানি ও ব্যবসায়িক ক্ষতির অভিযোগে তার বিরুদ্ধে ৩ কোটি টাকার দেওয়ানি মানহানির মামলা করা হয়েছে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিমান পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘ডুন্স অ্যাভিয়েশন’ আহমেদাবাদের গান্ধীনগর আদালতে নোরা ফাতেহির বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে।

ঘটনাটি ঘটে গত বছরের ডিসেম্বরে। মুম্বাই থেকে জয়পুর যাওয়ার পথে একটি সেসনা সাইটেশন সিজে-২ বিমানে ওঠার সময় নোরা কয়েকটি ভিডিও ধারণ করেন। পরে প্রায় ৪ কোটি ৭০ লাখ অনুসারী থাকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেগুলো প্রকাশ করেন। সেখানে তিনি উড়োজাহাজটিকে ‘খেলনা’ ও ‘লেগো বিমান’-এর সঙ্গে তুলনা করে মন্তব্য করেন।

ডুন্স অ্যাভিয়েশনের অভিযোগ, নোরার মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন। এর ফলে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সুনাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়েছে।

বিমান সংস্থাটি আরও দাবি করেছে, সংশ্লিষ্ট উড়োজাহাজটি তার শ্রেণির একটি মানসম্মত বিমান। এ ঘটনায় গত এপ্রিলে গান্ধীনগরের আদালতে মামলা দায়ের করা হয়। মামলাটির পরবর্তী শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

‘দিলবার’ ও ‘ও সাকি সাকি’র মতো জনপ্রিয় গানের মাধ্যমে পরিচিতি পাওয়া নোরা ফাতেহি সম্প্রতি কন্নড় গান ‘সারকে চুনার তেরি সারকে’-এর কথার কারণেও সমালোচনার মুখে পড়েছিলেন। পরে গানের ভাষা বুঝতে না পারার ব্যাখ্যা দিয়ে সেই বিতর্কের অবসান ঘটানোর চেষ্টা করেন অভিনেত্রী।