বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষুব্ধ পরীমণি, বললেন ‘বাচ্চার কান্নাও কিছু না’

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ সময় তার পরিবারের সদস্যরাও হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন বাঁধন। ভিডিওতে কয়েকজন ব্যক্তির সঙ্গে তাকে ধস্তাধস্তি করতে দেখা যায়। এ সময় তার ভাইয়ের শিশুসন্তানকে কান্না করতে দেখা যায়। শিশুটির কান্নার দৃশ্য দেখে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমণি।

ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে পরীমণি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কুকুরের বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে। এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে প্রকাশ করা এক ভিডিওবার্তায় বাঁধন অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা তার ওপর হামলা চালিয়েছেন। তার দাবি, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। এ সময় তাকে গালাগাল করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

বাধনের ভাষ্য, তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে হামলা চালানো হয়েছে। কেন তার ওপর এমন হামলা হয়েছে, ভিডিওবার্তায় তার ব্যাখ্যাও দিয়েছেন অভিনেত্রী।
বাঁধন বলেন, ভেনিস চলচ্চিত্র উৎসবে তিনি যে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমাটি নিয়ে গেছেন, সেটির পরিচালক রুবাইয়াত হোসেনের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও ওই পরিচালকের সঙ্গে কাজ করায় তার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন বাঁধন।

অভিনেত্রী আরও বলেন, এ ধরনের আচরণ থেকে সংশ্লিষ্টদের বেরিয়ে আসা উচিত ছিল। তার গায়ে হাত তোলার পাশাপাশি ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। একজন শিল্পীকে এভাবে হেনস্তা করে নিজেদের অবস্থান শক্তিশালী করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন বাঁধন।
এ ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন বাঁধন। বিষয়টি তার কাছে পৌঁছাবে বলে আশা প্রকাশ করেন অভিনেত্রী।

বর্তমানে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পরিবারের সঙ্গে ইতালির মেস্ট্রেতে অবস্থান করছেন বাঁধন। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় তার সঙ্গে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল।



